| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাগুরা জেলা কারাগারে প্রবীণ বন্দিদের বিশেষ স্বাস্থ্য পরীক্ষা

reporter
  • আপডেট টাইম: জুন ১০, ২০২৬ ইং | ১০:৪২:৫৯:পূর্বাহ্ন  |  ১০৪৯ বার পঠিত
মাগুরা জেলা কারাগারে প্রবীণ বন্দিদের বিশেষ স্বাস্থ্য পরীক্ষা

মাগুরা প্রতিনিধি: দেশের অধিকাংশ কারাগারের মতো মাগুরা জেলা কারাগারও দীর্ঘদিন ধরে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত বন্দির চাপ বহন করছে। ১৭২ জন ধারণক্ষমতার এই কারাগারে বর্তমানে প্রায় ৪০০ জন বন্দি অবস্থান করছেন। এমন পরিস্থিতিতে বন্দিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে কারা কর্তৃপক্ষ।

এই বাস্তবতায় প্রবীণ বন্দিদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে মাগুরা জেলা কারাগার। মঙ্গলবার দিনব্যাপী কারাভ্যন্তরে প্রথমবারের মতো ৫০ বছর বা তার বেশি বয়সী ৪৫ জন বন্দিকে নিয়ে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বন্দিদের রক্ত পরীক্ষা করে র‌্যান্ডম ব্লাড সুগার (আরবিএস), লিপিড প্রোফাইল, সিরাম ক্রিয়েটিনিন এবং ইসিজি পরীক্ষার ব্যবস্থা করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, দেশের কারাগারগুলোতে নিয়মিত চিকিৎসাসেবা থাকলেও নির্দিষ্ট বয়সী বন্দিদের জন্য এ ধরনের বিশেষায়িত স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির নজির খুবই সীমিত।

অনুষ্ঠানের উদ্বোধন করেন মাগুরার সিভিল সার্জন ডা. মো. শামীম কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যাবিশিষ্ট মাগুরা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মোহসিন উদ্দীন ফকির। এছাড়া কারা হাসপাতালের সহকারী সার্জন ডা. এজাজ আহমেদ রোচি ও জেলা কারাগারের ডিপ্লোমা নার্স বদিউজ্জামান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কারাগারের জেল সুপার শেখ মো. মহিউদ্দিন হায়দার।

সিভিল সার্জন ডা. মো. শামীম কবির বলেন, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ডায়াবেটিস, কিডনি জটিলতা, হৃদরোগসহ নানা অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ে। অনেক সময় উপসর্গ প্রকাশের আগেই পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগ শনাক্ত করা সম্ভব হয়। কারাগারে থাকা প্রবীণ বন্দিদের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মাগুরা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মোহসিন উদ্দীন ফকির বলেন, একজন মানুষ বন্দি হলেও তার স্বাস্থ্যসেবার অধিকার অক্ষুণ্ন থাকে। প্রবীণ বন্দিদের নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ জটিলতা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।

কর্মসূচিতে অংশ নেন ৯৫ বছর বয়সী বন্দি মোহাম্মদ জলিল মোল্লা। এক বছর ধরে সাজাপ্রাপ্ত হিসেবে কারাগারে থাকা এই প্রবীণ বন্দি বলেন, কারাগারে এমন উদ্যোগ তাকে নিজের স্বাস্থ্য সম্পর্কে নতুন করে জানার সুযোগ দিয়েছে। তিনি ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি চালুর আহ্বান জানান।

আরেক বন্দি ৭০ বছর বয়সী মো. সাইফুল ইসলাম বলেন, কারাগারের ভেতরে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে স্বাস্থ্য পরীক্ষা করতে পেরে ভালো লাগছে। এতে নিজের শারীরিক অবস্থার বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

জেল সুপার শেখ মো. মহিউদ্দিন হায়দার বলেন, বর্তমানে মাগুরা জেলা কারাগারে ৫০ বছরের বেশি বয়সী ৪৫ জন বন্দি রয়েছেন। তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। কারা মহাপরিদর্শকের নির্দেশনায় বন্দিদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এর আগে কারারক্ষীদের নিয়েও একই ধরনের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন, আধুনিক কারা ব্যবস্থাপনায় শুধু নিরাপত্তা নয়, বন্দিদের শারীরিক ও মানসিক সুস্থতাও গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও রোগের প্রাথমিক শনাক্তকরণে গুরুত্ব দেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪