নড়াইল প্রতিনিধি : নড়াইলে কুলসুম জাহান (২৫) নামে এক গৃহবধূ তার স্বামীর অধিকার ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে তার বাবার বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন। কুলসুম জাহান নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি গ্রামের মো. আইয়ুব মোল্যার মেয়ে।
সংবাদ সম্মেলনে কুলসুম জাহান অভিযোগ করে বলেন, ২০২২ সালের জুন মাসে একই ইউনিয়নের বোড়ামারা গ্রামের মৃত মনির কাজির ছেলে মো. হাদিউজ্জামান কাজির সঙ্গে তার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন তাদের দুজনের সংসার ভালোভাবেই কাটছিল। এরপর থেকে যৌতুকের দাবিতে তার শাশুড়ি শিউলী বেগম প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। টাকা দিতে না পারায় তার ওপর খাবার, পোশাকের কষ্টসহ অমানবিক নির্যাতন করা হতো।
তিনি আরও বলেন, এসব চলাকালীন সময়ের মধ্যে একপর্যায়ে হাদিউজ্জামান মালয়েশিয়ায় চলে যান। এরপর আমার ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেন শাশুড়ি শিউলী বেগম। তখন থেকে আমি আমার স্বামীর কথামতো বাবার বাড়িতে থাকতে শুরু করি। প্রথম কিছুদিন তিনি আমার খোঁজখবর নিতেন, যোগাযোগ করতেন। পরবর্তীতে তিনি আমাদের খোঁজখবর নেওয়া বন্ধ করে দেন। গত মার্চ মাসে তিনি আমাকে উকিল নোটিশের মাধ্যমে তালাক দেন। কিন্তু তিনি প্রবাসে থেকে কীভাবে তালাক দিলেন, তা আমার বোধগম্য নয়। পরে তালাকের কাগজ উকিলের কাছে নিয়ে গেলে উকিল বলেন, এ তালাকের কাগজ ভুয়া। তখন আমি তাদের নামে একটি মামলা দায়ের করি। কয়েকদিন আগে আমার স্বামী বিদেশ থেকে বাড়িতে এসেছেন। শুনেছি, বাড়িতে এসে তিনি আবার বিয়ে করছেন। আমার ৩ বছর বয়সী একটি বাচ্চা রয়েছে, তাকে নিয়ে আমি এখন কী করব, কোথায় যাব। তাতে আমার বাচ্চাটাও শারীরিকভাবে অসুস্থ। আমি আমার স্বামীর অধিকার ফিরে পেতে চাই। স্বামীর অধিকার ফিরে পেতে সকলের সহযোগিতা কামনা করেন কুলসুম জাহান।
তবে এ বিষয়ে কোনো বক্তব্য দেবেন না বলে সাফ জানিয়ে দেন অভিযুক্ত হাদিউজ্জামান।
রিপোর্টার্স২৪/এসএন