জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো. শরিফ হোসেনের ওপর নেত্রকোনায় সংঘটিত নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১১ জুন) রাতে জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মো. মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে শারীরিক নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন বা জোরপূর্বক কোনো বক্তব্য দিতে বাধ্য করার কোনো বৈধতা নেই। এ ধরনের কর্মকাণ্ড মানবাধিকার, সভ্য সমাজ ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি।
জাকসু শরিফ হোসেন ও তার পরিবারের প্রতি সংহতি ও সহমর্মিতা প্রকাশ করে ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
এতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিও আহ্বান জানিয়ে বলা হয়, শিক্ষার্থীর নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান এবং ঘটনার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা জরুরি।
এর আগে বুধবার রাতে নেত্রকোনায় জাবির নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫৪তম আবর্তনের শিক্ষার্থী মো. শরিফ হোসেনকে জোরপূর্বক একটি নির্জন স্থানে নিয়ে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ ওঠে। নির্যাতনের সময় তার কাছ থেকে জোর করে অর্থ আদায় করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী।
রিপোর্টার্স২৪/বাবি