বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলী রেজা রাজু (৩২) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
আটক আলী রেজা রাজু উপজেলার লাউতাড়া গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী শার্শা সরকারি নাভারণ মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। প্রায় এক বছর আগে ঘটকের মাধ্যমে আলী রেজা রাজু তাকে বিয়ের প্রস্তাব দেন এবং চার মাসের মধ্যে বিয়ে করবেন বলে আশ্বাস দেন। এরপর তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ শুরু হয় এবং একপর্যায়ে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
অভিযোগ অনুযায়ী, গত ১৫ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে রাজু তরুণীর বাড়িতে গিয়ে তার শয়নকক্ষে প্রবেশ করেন। সেখানে বিয়ের আশ্বাসের সুযোগ নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে তরুণী বিয়ের বিষয়ে চাপ দিলে অভিযুক্ত নানা অজুহাত দেখাতে থাকেন। বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে উভয় পরিবারের মধ্যে বিয়ের উদ্যোগ নেওয়া হয়। তবে একপর্যায়ে অভিযুক্ত ওই তরুণীকে বিয়ে করতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারী জানান, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হওয়ায় পারিবারিক সিদ্ধান্তে থানায় মামলা দায়ের করা হয়। মামলায় কয়েকজনকে সাক্ষী করা হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। মামলার প্রধান অভিযুক্তকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে যশোরের আদালতে পাঠানো হয়েছে।
রিপোর্টার্স২৪/ মিতু