বেনাপোল প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলায় প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
সোমবার (১৫ জুন) বিকেল ৫টার দিকে ঝিকরগাছা উপজেলার বেনেয়ালী বাজার এলাকার শাপলা ব্রিকসের পাশে বেনাপোল-যশোর মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া মাঠপাড়া এলাকার আজগার আলীর ছেলে নুরুজ্জামান (৩৪) এবং দৌলতপুর গ্রামের মৃত নওশের আলী মোড়লের ছেলে বাবলুর রহমান (৫৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি টয়োটা এক্স করোলা মডেলের প্রাইভেট কারে মাদক পাচার হচ্ছে—এমন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। গাড়িটি তল্লাশি করে ড্যাশবোর্ড ও রানিং বোর্ডে বিশেষ কৌশলে তৈরি করা গোপন বক্স থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে ইয়াবার পাশাপাশি একটি প্রাইভেট কার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে ঝিকরগাছা থানায় একটি মামলা দায়ের করেছেন।
রিপোর্টার্স২৪/এসএন