মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর শহরের মণ্ডলপাড়ায় এক পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আলফাজ উদ্দিন মধু নামের এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন তার পুত্রবধূ। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে মেহেরপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তিনি মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক শেখ মাসুদ আলী মামলাটি মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জকে সাত দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পিটিশন মামলা নং ৪৪/২৬।
অভিযুক্ত আলফাজ উদ্দিন মধু শহরের মণ্ডলপাড়ার মৃত সলিম শাহের ছেলে। অভিযোগকারী পুত্রবধূ আশরাফপুর গ্রামের তসেম আলীর মেয়ে। আট মাস আগে পারিবারিকভাবে আলফাজ উদ্দিন মধুর ছেলে শাফিউলের সঙ্গে তার বিয়ে হয়।
মামলার বিবরণে জানা যায়, গত ১৫ মার্চ রাতে শাশুড়ি অসুস্থ থাকায় বাড়ির অন্যান্য সদস্যরা হাসপাতালে অবস্থান করছিলেন। একই রাতে স্বামী শাফিউল তার পিতার সঙ্গে মনোমালিন্যের পর বোনের বাড়িতে চলে যান। এ সুযোগে মধ্যরাতে শ্বশুর আলফাজ উদ্দিন মধু ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়। এ সময় ভুক্তভোগী প্রতিরোধ করলে ধস্তাধস্তির ঘটনা ঘটে এবং অভিযুক্ত তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে সকালে স্বামী বাসায় ফিরে এ ঘটনা জানলেও কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগে বলা হয়েছে। পরে নিরাপত্তার কারণে তিনি বাবার বাড়ি আশ্রাফপুরে চলে যান। অভিযোগ অনুযায়ী, এরপর দীর্ঘ সময় তার কোনো খোঁজখবর নেওয়া হয়নি। আরও বলা হয়, কয়েক সপ্তাহ আগে শ্বশুর আলফাজ উদ্দিন তার ছেলেকে তৃতীয় তালাকপ্রাপ্ত এক নারীর সঙ্গে বিয়ে দিয়ে বাড়িতে নিয়ে আসেন। বিষয়টি জানতে পেরে পুত্রবধূ শ্বশুরবাড়িতে গেলে তাকে শর্তসাপেক্ষে বাড়িতে রাখার কথা বলা হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
পরে ভুক্তভোগী আদালতের শরণাপন্ন হয়ে মামলাটি দায়ের করেন। আদালত বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।
রিপোর্টার্স২৪/এসএন