মাগুরা প্রতিনিধি: মাগুরায় এক প্রবাসীর স্ত্রীকে ইট দিয়ে আঘাত করে আহত করার পর তার গলার স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে মাগুরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ডেফুলিয়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত নারী মনোয়ার হোসেন নামে এক প্রবাসীর স্ত্রী রিপা বেগম। পরে তাকে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এক ব্যক্তি বৃষ্টির মধ্যে পলিথিন নেওয়ার কথা বলে ভুক্তভোগীর বাসায় প্রবেশ করে। পরে তিনি একা থাকায় সুযোগ বুঝে হামলা চালায়। ভুক্তভোগী পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে ইট দিয়ে মাথায় আঘাত করা হয় এবং গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযুক্ত ব্যক্তি একই এলাকার একজন স্থানীয় যুবক বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, তিনি পূর্বেও এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
আহত রিপা বেগম বলেন, তিনি বাসায় একা থাকা অবস্থায় হামলার শিকার হন এবং মাথায় গুরুতর আঘাত পান। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
রিপোর্টার্স২৪/বাবি