রিপোর্টার্স২৪ ডেস্ক: আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এই বিপ্লব কোনো দল, গোষ্ঠী বা পরিবারের ক্ষমতা প্রতিষ্ঠার জন্য নয়; বরং একটি স্বাধীন, সার্বভৌম ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে।
শনিবার (২০ জুন) বিকেলে খুলনা সার্কিট হাউজ ময়দানে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
ডা. শফিকুর রহমান বলেন, শোষণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয় প্রভাবমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়তে হলে নতুন প্রজন্মকে প্রস্তুত হতে হবে। আমি দেশের যুবসমাজকে সেই অনিবার্য পরিবর্তনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।
সীমান্ত পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, পুশ-ইনের নামে একটি দেশ তাদের নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। সীমান্তে বিজিবি যখন দায়িত্ব পালন করছে, তখন দেশের জনগণও তাদের শক্তিতে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোনো প্রতিবেশী দেশের শান্তি নষ্ট করতে চায় না। তবে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিরুদ্ধে কোনো হুমকি এলে তা প্রতিরোধ করা হবে।
রাজনৈতিক বক্তব্যে বিএনপির সমালোচনা করে জামায়াত আমির বলেন, জাতির সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে বিএনপি ব্যর্থ হয়েছে। দেশের স্বার্থে ভুল সংশোধন করে জনগণের কাতারে ফিরে আসা উচিত।
তিনি অভিযোগ করেন, নির্বাচনে জনগণের রায় যথাযথভাবে প্রতিফলিত হয়নি। তবে রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে তারা ফলাফল মেনে নিয়েছেন বলে জানান।
ডা. শফিকুর রহমান বলেন, অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান অব্যাহত থাকবে। প্রয়োজন হলে সংসদের ভেতরে ও বাইরে জনগণের অধিকার আদায়ে আন্দোলন চলবে।
সমাবেশে আরও বক্তব্য দেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির সাখাওয়াত হোসাইন, জাগপার সহসভাপতি রাশেদ প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
রিপোর্টার্স২৪/ঝুম