| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেপালের বিশিষ্টজনদের জন্য বাংলাদেশের আম উপহার

reporter
  • আপডেট টাইম: জুন ১৩, ২০২৬ ইং | ০২:২৭:৩০:পূর্বাহ্ন  |  ৩৫৪৮ বার পঠিত
নেপালের বিশিষ্টজনদের জন্য বাংলাদেশের আম উপহার

স্টাফ রিপোর্টার: শুভেচ্ছা ও সৌহার্দ্যের কূটনৈতিক নিদর্শন হিসেবে নেপালের বিশিষ্টজনদের মাঝে বাংলাদেশের উৎকৃষ্ট ও সুস্বাদু আম উপহার দিয়েছে কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস।

শুক্রবার (১২ জুন) দূতাবাস জানায়, প্রায় ১ হাজার ৭৫০ কেজিরও বেশি উন্নতমানের বাংলাদেশি আম নেপালের রাষ্ট্রপতি, স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্য, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, রাষ্ট্রদূত, কূটনৈতিক কোরের সদস্য, ব্যবসায়ী নেতা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বাংলাদেশ ও এর জনগণের ঘনিষ্ঠ বন্ধু ও শুভানুধ্যায়ীদের কাছে উপহার হিসেবে পাঠানো হয়েছে। মোট ৩৬০ জনেরও বেশি সম্মানিত ব্যক্তির কাছে এ আম পৌঁছে দেওয়া হয়।

দূতাবাসের টিম ব্যক্তিগতভাবে এসব আমের প্যাকেট নেপালের রাষ্ট্রপতি ও স্পিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে পৌঁছে দেয়।

দূতাবাস সূত্রে জানা যায়, আমগুলো বাংলাদেশের আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের দুটি বাগান থেকে সদ্য সংগ্রহ করা হয়। গুণগত মান ও সতেজতা নিশ্চিত করতে সেগুলো বাংলাবান্ধা বন্দর ব্যবহার করে ফুলবাড়ী ল্যান্ডপোর্ট (শিলিগুড়ি সীমান্ত) ও কাকরভিটা বন্দর হয়ে সতর্কতার সঙ্গে কাঠমান্ডুতে পাঠানো হয়।

উপহার হিসেবে দেওয়া আমগুলো ছিল স্থানীয় জিআই সনদপ্রাপ্ত জনপ্রিয় ‘ক্ষীরশাপাত’ জাতের, যা দক্ষিণ এশিয়ার অন্যতম সুস্বাদু আম হিসেবে পরিচিত।

দূতাবাসের মতে, এ উদ্যোগ বাংলাদেশ ও নেপালের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং জনগণের ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন। ‘ম্যাংগো ডিপ্লোমেসি’ নামে পরিচিত এ কূটনৈতিক উদ্যোগ দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে বাংলাদেশ দূতাবাস আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪