বাগেরহাট প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাগেরহাটের রামপালে বৃক্ষরোপণ ও ফলজ-বনজ গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ জুন) সকাল সাড়ে ১০টায় রামপাল উপজেলা পরিষদ চত্বরে একটি পেয়ারা গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না ফেরদৌসী।
বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি), নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা, এডিডি ও ওয়াদার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এবারের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিল—“প্রকৃতির অনুপ্রেরণায়, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য” (Nature's Inspiration, for the Climate, for Our Future)। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং প্রকৃতি-ভিত্তিক সমাধানের গুরুত্ব তুলে ধরাই ছিল কর্মসূচির মূল উদ্দেশ্য।
সিডিপির এরিয়া সমন্বয়কারী মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন, এডিডির প্রতিনিধি নার্গিস খাতুন এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. মোজাফফর হোসেন।
এছাড়া রামপাল উপজেলা নাগরিক ফোরামের সদস্য ছবি রানী মণ্ডল, সাংবাদিক কবির আকবর, নাগরিক ফোরাম নেতা ও সমাজসেবক মো. মোহতাদির, শওকত আলী, নার্গিস বেগমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
কর্মসূচির অংশ হিসেবে ৫০ জনের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি উপজেলা পরিষদ চত্বরে দুটি ফলজ গাছ রোপণ করেন ইউএনও তামান্না ফেরদৌসী।
বৃক্ষরোপণ ও চারা বিতরণের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং প্রতিবেশ পুনরুদ্ধারের বৈশ্বিক অঙ্গীকারই বিশ্ব পরিবেশ দিবসের মূল বার্তা। তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণ, বিদ্যমান বনাঞ্চল সংরক্ষণ এবং প্লাস্টিকসহ অপচনশীল বর্জ্যের ব্যবহার কমিয়ে দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।
বক্তারা পরিবেশ সুরক্ষায় নাগরিকদের সচেতনতা বৃদ্ধি এবং সক্রিয় অংশগ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন।
রিপোর্টার্স২৪/এসএন