নড়াইল প্রতিনিধি: বাংলাদেশের গলফ ও পর্যটন খাতে নতুন এক মাইলফলক স্থাপনের লক্ষ্যে নড়াইল জেলার পানিপাড়ায় অবস্থিত অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে দেশের প্রথম ও একমাত্র ‘অরুনিমা ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের প্রেসিডেন্ট খবির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল কমিটি সাব-কমিটির চেয়ারম্যান তৌহিদা সুলতানা এবং সাম্পান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমামুল হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ইরফান আহমেদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের লাইফ মেম্বার সালাউদ্দিন ইউসুফ, মাহবুব আলম, সিরাজুস সালেকিন ও মারশাল আলম।
বক্তারা বলেন, দেশের প্রথম ও একমাত্র এই ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জ বাংলাদেশের গলফ অঙ্গনে একটি যুগান্তকারী সংযোজন হতে যাচ্ছে। গলফ পর্যটনের বিকাশের মাধ্যমে দেশ উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনে সক্ষম হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের বিভিন্ন উদ্যোগ, বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের গলফ প্রশিক্ষণ কার্যক্রমের প্রশংসা করেন। তাদের মতে, এ উদ্যোগ ভবিষ্যতে আন্তর্জাতিক মানের গলফার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আরও বলেন, ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জ বাস্তবায়িত হলে নড়াইল তথা বাংলাদেশের পরিচিতি দেশ-বিদেশে আরও বৃদ্ধি পাবে এবং গলফ পর্যটনের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
রিপোর্টার্স২৪/ মিতু