কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: মানবপাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং মানবপাচার প্রতিরোধে করণীয় নির্ধারণে ঝিনাইদহের কোটচাঁদপুরে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার।
সভা পরিচালনা করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রতিনিধি মাসুদ পারভেজ। সভায় মানবপাচারের ঝুঁকি, প্রতিরোধ এবং উদ্ধারপ্রাপ্ত ব্যক্তিদের পুনর্বাসনে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় ঢাকা আহ্ছানিয়া মিশনের কর্মকর্তারা জানান, ঝিনাইদহ সদর, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলায় তারা দীর্ঘদিন ধরে মানবপাচার প্রতিরোধে কাজ করে আসছেন। এ পর্যন্ত ১৯টি উঠান বৈঠকসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পাশাপাশি কোটচাঁদপুরে ৩৫০ জন উন্নয়ন উদ্যোক্তাকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুশনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরুজ্জামান সবুজ, এলাঙ্গী ইউনিয়ন পরিষদের সদস্য তাইজুল ইসলাম, কোটচাঁদপুর থানার ওসি (তদন্ত) আনসারুল্লাহ হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম আশরাফুল আলম, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক মঈন উদ্দিন খান ও রোকনুজ্জামানসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার বলেন, মানবপাচার একটি সামাজিক অপরাধ। এ অপরাধ প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মানবপাচার প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
রিপোর্টার্স২৪/এসএন