কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৩ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুজন আলী (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পোড়াদহ সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুজন আলী চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার কাশিপুর উত্তরপাড়া এলাকার ওমেদুল ইসলাম ওরফে ওমেদের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ জুন) দুপুর আনুমানিক দেড়টার দিকে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মিরপুর উপজেলার পোড়াদহ সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই সেখানে অবস্থান নিয়ে সন্দেহভাজন সুজন আলীকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩ হাজার ২০০ পিস আমদানি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী জেলা থেকে মাদক এনে কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মো. আজমল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হচ্ছে।
তিনি আরও জানান, কুষ্টিয়া জেলাকে মাদকমুক্ত করতে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/এসএন