মেহেরপুর প্রতিনিধি: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মেহেরপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে অবহিতকরণ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে মেহেরপুর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। তিনি বলেন, গণমাধ্যমকর্মীরা সমাজের দর্পণ। সমাজে যা কিছু ঘটে, তার সঠিক চিত্র জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বার্তা জেলার প্রতিটি প্রান্তে ছড়িয়ে দিয়ে কর্মসূচি সফল করতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আব্দুস সাত্তার এবং পুলিশ পরিদর্শক শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে মূল বক্তব্য উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. কামরুন নাহার। তিনি শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ ও সবলভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ৪৭৪টি কেন্দ্রে বিরতিহীনভাবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এ কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৬১৬ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬৫ হাজার ৯৯৯ জন শিশুকে লাল রঙের উচ্চক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
অবহিতকরণ সভায় মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোযাম্মেল আযম, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রতিনিধি দিলরুবা খাতুনসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসএন