স্টাফ রিপোর্টার: সীমান্ত নিরাপত্তা জোরদার করতে সীমান্তবর্তী জনগোষ্ঠীকে সামরিক প্রশিক্ষণের আওতায় আনার প্রস্তাব দিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
বুধবার (২৪ জুন) রাজধানীর তোপখানা রোড-এ অনুষ্ঠিত ‘সীমান্ত হত্যা, পুশইন ও বাংলাদেশ-ভারত সম্পর্কের বর্তমান বাস্তবতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে সীমান্তবর্তী জনগণকেও প্রস্তুত রাখতে হবে। এজন্য সীমান্ত এলাকার মানুষকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি বিবেচনায় আনার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সীমান্ত হত্যা, অনুপ্রবেশ এবং পুশইন ইস্যুর মতো জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সব দল ও মতের মধ্যে ঐকমত্য গড়ে তোলা প্রয়োজন। সীমান্ত প্রশ্নে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি অভিন্ন অবস্থানে পৌঁছানোরও আহ্বান জানান তিনি।
গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন এবি পার্টি-র সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জাতীয় নাগরিক পার্টি-র যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং উমামা ফাতেমা-সহ বিভিন্ন তরুণ রাজনৈতিক নেতা ও কর্মীরা।
রিপোর্টার্স২৪/বাবি