কুষ্টিয়া প্রতিনিধি: আগামী ২৮ জুন সারা দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এ উপলক্ষে কুষ্টিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এক অবহিতকরণ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান (মহাখালী)। কর্মসূচির বাস্তবায়নে ছিল কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়।
সংবাদ সম্মেলনে এ-সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন, কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. মনিরুজ্জামান, মেডিকেল অফিসার নাসরিন আক্তার, ডিস্ট্রিক্ট সার্ভিল্যান্স মেডিকেল অফিসার নওরীন আলম সিজা এবং জেলা পাবলিক হেলথ নার্স রওনক জাহান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ জুনের ক্যাম্পেইনে কুষ্টিয়া জেলার মোট ২ লাখ ৩৩ হাজার ২৭৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ২৮ হাজার ৫৫ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ২ লাখ ৫ হাজার ২২০ জন।
এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে জেলায় মোট ১ হাজার ৬৫৬টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। মাঠপর্যায়ে ক্যাম্পেইন পরিচালনায় ৬২৮ জন স্বাস্থ্যকর্মী এবং ২ হাজার ৮২২ জন স্বেচ্ছাসেবীসহ মোট ৩ হাজার ৪৫০ জন কর্মী নিয়োজিত থাকবেন।
সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, শিশুর সুস্থ ও স্বাভাবিক বেড়ে ওঠা এবং অন্ধত্ব প্রতিরোধে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলার কোনো শিশু যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে সব ধরনের প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসএন