ঝিনাইদহ প্রতিনিধি: বিগত ১৮ বছরে আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছিল বলেই দেশ চীনের মতো উন্নত হতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান।
শনিবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, আজ যারা দাবি করছেন বিএনপি সরকার ভারতের দালালি করছে, তারা ভুল প্রমাণিত হয়েছে। বিএনপি যদি ভারতের দালালি করত, তাহলে সরকারপ্রধান চীন সফরের আগে ভারত সফরে যেতেন।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ভারত আমাদের প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র। আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই। তবে ভারতের কোনো ধরনের আধিপত্যবাদী আচরণ বা দাদাগিরি মেনে নেওয়া হবে না।
সীমান্ত পরিস্থিতির প্রসঙ্গ টেনে রাশেদ খান দাবি করেন, বর্তমানে সীমান্তে বিজিবির অবস্থান আরও দৃঢ় হয়েছে। তিনি বলেন, বিজিবি এখন সাহসের সঙ্গে সীমান্তে দায়িত্ব পালন করছে এবং যেকোনো পরিস্থিতিতে জবাব দিতে সক্ষম হচ্ছে।
এ সময় তিনি জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাদের সমালোচনা করে বলেন, যারা আজ সরকার পতনের হুমকি দিচ্ছেন, তারা দীর্ঘ ১৭ বছর নিজেদের দলীয় কার্যালয়ের তালা পর্যন্ত খুলতে পারেননি।
হাসনাত আবদুল্লাহর দুর্নীতিবিরোধী বক্তব্যের সমালোচনা করে রাশেদ খান বলেন, তিনি সংসদে দুর্নীতির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেন, অথচ ইউনূস সরকারের সময়ে সরকারি বরাদ্দ নিজের এলাকায় নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এটিও দুর্নীতির মধ্যে পড়ে কি না, সেই প্রশ্ন রয়েছে।
পুশ-ইন ইস্যু নিয়েও বক্তব্য দেন রাশেদ খান। তিনি বলেন, বিএনপি কোনো দেশের দালালি করে না। বিএনপি যেমন ভারতের দালালি করে না, তেমনি পাকিস্তানেরও দালালি করে না।
এ সময় তিনি শিবির ও জামায়াতের নেতাদের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, যদি কেউ পাকিস্তানে গিয়ে লাল গালিচা সংবর্ধনা নিয়ে দেশে ফিরে বিএনপিকে ভারতের দালাল বলে, তাহলে তাদের নিজেদের অবস্থান নিয়েও প্রশ্ন ওঠে।
রিপোর্টার্স২৪/বাবি