ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সরকারি ইজারাকৃত হাটের খাজনা আদায়ে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন হাটের ইজারাদার আতিকুর রহমান লেন্টু।
সোমবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আতিকুর রহমান লেন্টু জানান, মহেশপুর উপজেলার গৌরীনাথপুর ও আদমপুর হাট তিনি সরকারি টেন্ডারের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে বৈধভাবে ইজারা গ্রহণ করেন। কিন্তু হাট পরিচালনা ও খাজনা আদায়ের ক্ষেত্রে তিনি বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন।
তিনি অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী ইসমাইল হোসেন, সোহাগ সরকার ও ফারুক হোসেন তাঁর ইজারাকৃত হাটে খাজনা আদায়ে বাধা সৃষ্টি করছেন। শুধু তাই নয়, তাঁরা ব্যবসায়ী ও কৃষকদের কাছ থেকে নিজেরাই টাকা আদায় করছেন বলেও দাবি করেন তিনি।
এর ফলে সরকারের রাজস্ব আদায় ব্যাহত হওয়ার পাশাপাশি হাটের স্বাভাবিক পরিবেশও নষ্ট হচ্ছে বলে উল্লেখ করেন লেন্টু।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
সরকারি নিয়ম অনুযায়ী বৈধ ইজারাদার হিসেবে হাট পরিচালনা ও খাজনা আদায়ের সুযোগ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন আতিকুর রহমান লেন্টু।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রিপোর্টার্স২৪/এসএন