মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর শহরে গরুর গুঁতায় আলমগীর হোসেন (৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) বিকেলে শহরের নতুনপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন নতুনপাড়া এলাকার বাদল শেখের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে নিজের পালিত গরু গোয়ালে নিয়ে যাচ্ছিলেন আলমগীর হোসেন। হঠাৎ গরুটি ক্ষিপ্ত হয়ে তাকে সজোরে গুঁতা দেয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা একটি সজনে গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে তাঁর চিৎকার শুনে স্বজনরা দ্রুত ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আলমগীরকে মৃত ঘোষণা করেন।
এদিকে, নিজের পালিত গরুর আঘাতেই কৃষকের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।