বাগেরহাট প্রতিনিধি: পূর্ব সুন্দরবনের চরাপুটিয়া টহল ফাঁড়ির শিয়ালা এলাকায় বৃহস্পতিবার সকালে বনরক্ষীরা অভিযান চালিয়ে তিনটি নৌকাসহ ২৪ বোতল কীটনাশক ও শুঁটকি তৈরীর চাটাই জব্দ করেছেন। এ সময় জেলেরা সুন্দরবনে পালিয়ে যায়। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
বন বিভাগ জানায়, পূর্ব সুন্দরবনের চরাপুটিয়া টহল ফাঁড়ির বনরক্ষীরা বৃহস্পতিবার (২ জুলাই) সকালে নিয়মিত টহলকালে সুন্দরবনের শিয়ালা এলাকার সাইড খালে তিনটি জেলে নৌকা দেখতে পেয়ে এগিয়ে যায়। বনরক্ষীদের দেখতে পেয়ে নৌকা আরোহী অজ্ঞাত পরিচয়ের জেলেরা নৌকা ফেলে সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়। পরে বনরক্ষীরা নৌকায় তল্লাশী করে ২৪ বোতল কীটনাশক, তিনটি টোনা জাল ও শুঁটকি তৈরীর চাটাই এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস বলেন, বনরক্ষীরা সুন্দরবনে বিষ দস্যুদের একটি অপচেষ্টা নস্যাৎ করে দিয়েছে। নিষেধাজ্ঞার মধ্যেই অজ্ঞাত পরিচয়ের জেলেরা সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ ধরে বনের মধ্যে মাছ শুঁটকি করার জন্য সরঞ্জাম নিয়ে অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে ।
রিপোর্টার্স২৪/ধ্রুব