বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে সাতটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আব্দুল কাদের (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় উপজেলার নাভারণ বুরুজবাগান এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। তিনি নাভারণ রেলবাজার এলাকার বাসিন্দা এবং সালাম গাজীর পালিত পুত্র বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানা পুলিশের একটি টহল দল বুরুজবাগান এলাকায় অভিযান পরিচালনার সময় স্থানীয়রা চুরির সন্দেহে আব্দুল কাদেরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে থানায় জিজ্ঞাসাবাদে তিনি একাধিক মোবাইল ফোন চুরির বিষয়টি স্বীকার করেন বলে দাবি পুলিশের।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ নাভারণ গরুর হাটের পেছনে তার বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের পাঁচটি স্মার্টফোন ও দুটি বাটন ফোনসহ মোট সাতটি মোবাইল ফোন উদ্ধার করে।
পুলিশের দাবি, উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো বিভিন্ন সময় চুরি হওয়া এবং সেগুলোর প্রকৃত মালিক শনাক্তের কাজ চলছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ শামিনুল হক বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি