মেহেরপুর প্রতিনিধি: বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি ও বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে মেহেরপুরের গাংনীতে ধর্মঘট পালিত। মেহেরপুর জেলার সকল শাখা ডাকঘর কর্মচারীর ২ দফা দাবীতে মঙ্গলবার (৭ জুলাই) সকালে গাংনী উপজেলা ডাকঘরের সামনে এ আয়োজন করা হয়।
সংগঠনের জেলা সভাপতি মাসুদ বিশ্বাসের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক শামীম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন দপ্তর সম্পাদক হুমায়ুন কবির, জেলা নেতা আব্বাস আলী ও ধানখোলা পোস্ট অফিসের পোস্ট মাস্টার তানজিদ আহমেদ অনি। অনুষ্ঠানে গাংনী উপজেলার সকল শাখা ডাকঘরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তরিকুল ইসলাম বলেন, আমরা সারাদেশের ৮৫০০ টি শাখা পোস্ট অফিসের কর্মচারীরা অক্লান্ত পরিশ্রম করছি অথচ আমাদের বেতন বৈষম্যের কারনে খুব সামান্য অর্থ দিয়ে কোনভাবেই সংসার পরিচালনা করতে পারছিনা। আমাদের দুই দফা দাবীতে আমরা মানববন্ধন করছি। আমাদের বেতন ভাতা বৃদ্ধি ও সবাইকে বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান করতে হবে।
তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সারাদেশের পোস্ট অফিসের শাখা কর্মচারীরা মানবতর জীবন যাপন করছি। আমাদের হয় ভাতের ব্যবস্থা করেন না হয় বাদ দিয়ে দেন।
রিপোর্টার্স২৪/ঝুম