| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অল্প বৃষ্টিতেই মাগুরা শহরে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

reporter
  • আপডেট টাইম: Jul ০৮, ২০২৬ ইং | ২০:৫৮:০৭:অপরাহ্ন  |  ৭১০ বার পঠিত
অল্প বৃষ্টিতেই মাগুরা শহরে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

মাগুরা প্রতিনিধি: সামান্য বৃষ্টিতেই মাগুরা শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ঘণ্টার পর ঘণ্টা পানি জমে থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন পথচারীসহ সাধারণ মানুষ। বৃষ্টির কয়েক দিন পরও অনেক সড়ক থেকে পানি না সরায় ব্যাহত হচ্ছে যান চলাচল। ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, কর্মজীবী ও স্থানীয় ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৭ জুলাই) শহরের সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের পেছনের কলেজপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, এক দিনের টানা বর্ষণে সড়কগুলো পানির নিচে তলিয়ে গেছে। অনেক স্থানে ড্রেন উপচে হাঁটুসমান পানি জমে আছে। পানি ঢুকে পড়েছে কয়েকটি বসতবাড়িতেও। ফলে ঘরবাড়িতে এখনও স্যাঁতসেঁতে পরিবেশ বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রতি বছরই বর্ষা মৌসুমে এমন দুর্ভোগ দেখা দেয়। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রিকশাচালক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

কলেজ শিক্ষার্থী মোছা. স্নিগ্ধা বলেন, “বৃষ্টি হলেই আমাদের এলাকায় পানি জমে যায়। অনেক সময় বাড়িতেও পানি ঢুকে পড়ে। রাস্তার ওপর হাঁটু পানি থাকায় চলাচল করা কঠিন হয়ে পড়ে। দ্রুত স্থায়ী সমাধান প্রয়োজন।”

স্থানীয় বাসিন্দা মো. আজাদ বলেন, “বৃষ্টির পর ঘরের ভেতর ও রাস্তায় পানি জমে থাকে। পানির কারণে রাস্তার গর্ত দেখা যায় না, দুর্ঘটনার আশঙ্কা নিয়েই চলাচল করতে হয়। দ্রুত ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা দরকার।”

কলেজপাড়া এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলাম রিংকু বলেন, “অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের সংকটের কারণে সামান্য ভারী বৃষ্টিতেই জলাবদ্ধতা ভয়াবহ আকার নেয়। এ সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

স্থানীয়দের দাবি, মাগুরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা ও ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পুনর্বাসনে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। তা না হলে ভবিষ্যতে বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

এ বিষয়ে মাগুরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহসান বারী বলেন, “জলাবদ্ধতা নিরসনে পৌরসভার পক্ষ থেকে ইতোমধ্যে ১০ কিলোমিটার ড্রেন নির্মাণ সম্পন্ন হয়েছে। চলতি অর্থবছরে আরও ৫ কিলোমিটার ড্রেন নির্মাণের কাজ চলমান রয়েছে। পাশাপাশি আরও তিনটি প্রকল্পের আওতায় ২১ কিলোমিটার ড্রেন নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে শহরের জলাবদ্ধতা অনেকটাই কমে আসবে।”

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪