| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়া হাসপাতাল থেকে দুর্ঘটনার শিকার ব্যক্তির বিচ্ছিন্ন পা গায়েব

reporter
  • আপডেট টাইম: Jul ০৯, ২০২৬ ইং | ১২:৫৭:৪৬:অপরাহ্ন  |  ১০২৯৫১ বার পঠিত
কুষ্টিয়া হাসপাতাল থেকে দুর্ঘটনার শিকার ব্যক্তির বিচ্ছিন্ন পা গায়েব

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হাসেম আলী (৬০) নামে এক ব্যক্তির বিচ্ছিন্ন ডান পা খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।

বুধবার (৮ জুলাই) বিকেলে হাসপাতালের অপারেশন থিয়েটারে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও বিচ্ছিন্ন পায়ের অংশটি পাওয়া যায়নি বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসেম আলীর মৃত্যু হয়। শেষ পর্যন্ত ডান পায়ের অংশ ছাড়াই মরদেহ বাড়িতে নিয়ে যান স্বজনরা।

জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার আব্দালপুর এলাকার শাহপুর নতুন মসজিদ মোড়ে একটি ইজিবাইক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন ভ্যানযাত্রী হাসেম আলী।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকের পরামর্শে অপারেশন থিয়েটারে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়। এরপর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের সময় বিচ্ছিন্ন ডান পায়ের অংশটি খুঁজে পাওয়া যায়নি বলে অভিযোগ ওঠে।

নিহতের স্বজনরা এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত ও বিচার দাবি করেছেন। হাসেম আলী ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার আব্দালপুর গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইকবাল হাসান বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তিকে হাসপাতালে আনার পর বিচ্ছিন্ন পায়ের অংশটি হাসপাতালের স্টাফরা স্বজনদের কাছে বুঝিয়ে দিয়েছেন বলে তিনি জেনেছেন। এরপর কী ঘটেছে, তা তার জানা নেই। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, এ বিষয়ে তার কাছে এখনো কোনো অভিযোগ আসেনি। নিহতের পরিবার বা হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪