বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার ১ নম্বর কাড়াপাড়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে অচল হয়ে থাকা পন্ড স্যান্ড ফিল্টার (পিএসএফ) পুনরায় চালু করে নিরাপদ সুপেয় পানি নিশ্চিত করার দাবিতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে অভিযান যুব সংগঠনের আয়োজনে এবং GOLD Initiative-এর সহযোগিতায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।
অভিযান যুব সংগঠনের সভাপতি সুমিত ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. জাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নম্বর কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের সচিব মো. জাহাঙ্গীর আকন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন লিটন, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, যুব প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা।
সকাল ১১টায় শুরু হওয়া সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। শুরুতে সংগঠনের সদস্য লামিয়া আক্তার মূল প্রবন্ধ উপস্থাপন করেন। পরে স্বাগত বক্তব্য দেন সভাপতি সুমিত ভট্টাচার্য এবং সভার উদ্দেশ্য ও প্রেক্ষাপট তুলে ধরেন ইমরান শেখ।
সভায় বক্তারা বলেন, কাড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে একাধিক পিএসএফ অচল থাকায় নিরাপদ পানির সংকট তৈরি হয়েছে। অনেক পরিবার বাধ্য হয়ে দূরবর্তী স্থান থেকে পানি সংগ্রহ করছে অথবা অর্থ ব্যয় করে পানি কিনছে। এতে নিম্নআয়ের মানুষের দুর্ভোগ বাড়ার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে।
সিডোর সভাপতি মেহেদি হাসান বলেন, নিরাপদ পানি মানুষের মৌলিক অধিকার। তাই অচল পিএসএফগুলো দ্রুত সংস্কার করে জনগণের ব্যবহারের উপযোগী করা প্রয়োজন।
সিডোর কোষাধ্যক্ষ শুভ্র দাস বলেন, সরকারি দপ্তর, স্থানীয় জনপ্রতিনিধি ও যুবসমাজের সমন্বিত উদ্যোগের মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব।
আলোচনায় অংশ নিয়ে অমিত শীল বলেন, দীর্ঘদিন অচল থাকা পিএসএফের কারণে সাধারণ মানুষকে বিকল্প পানির উৎসের ওপর নির্ভর করতে হচ্ছে। শেখ সাজ্জাদুল রহমান রাকিব বলেন, নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে এসব পিএসএফ দীর্ঘদিন সচল রাখা সম্ভব।
ইউনিয়ন পরিষদের সচিব মো. জাহাঙ্গীর আকন বলেন, স্থানীয় জনগণের সমস্যাগুলো গুরুত্বসহকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন লিটন বলেন, নিরাপদ সুপেয় পানি নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ নেবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. জাহিদুর রহমান বলেন, অচল পিএসএফগুলো পর্যায়ক্রমে পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হবে। বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে নিরাপদ পানির সংকট সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
সভা শেষে কাড়াপাড়া ইউনিয়নের সব অচল পিএসএফ দ্রুত সংস্কার, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং নিরাপদ সুপেয় পানি নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
সমাপনী বক্তব্যে অভিযান যুব সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, সভায় উত্থাপিত সুপারিশগুলো বাস্তবায়ন হলে ইউনিয়নের মানুষের নিরাপদ পানির অধিকার নিশ্চিত হবে বলে তারা আশাবাদী।
রিপোর্টার্স২৪/ঝুম