| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: Jul ০৯, ২০২৬ ইং | ২১:১৮:০৮:অপরাহ্ন  |  ৩৫৩৩৬ বার পঠিত
বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি:‘আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, বাগেরহাট জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আসাদুর রহমান এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শেখ রিয়াদুজ জামান।

আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। বিশেষ করে উপকূলীয় জেলা বাগেরহাট ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো নানা সংকটের মুখোমুখি হচ্ছে। সুন্দরবনসহ উপকূলীয় জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, শিল্পায়ন ও জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহারের কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এ সংকট মোকাবিলায় কার্বন নিঃসরণ কমানো, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সবাইকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সরকারের জাতীয় অভিযোজন পরিকল্পনা (NAP), জাতীয়ভাবে নির্ধারিত অবদান (NDC) এবং নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণসহ বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।

পরে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, পরিবেশকর্মী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহার দীর্ঘ সরকারি ছুটির কারণে এ বছর সরকারিভাবে ৯ জুলাই বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। দিবসটির উদ্দেশ্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি করা।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪