খুলনা প্রতিনিধি: খুলনা পুরাতন জেলা কারাগার থেকে দেয়াল টপকে পালিয়ে যাওয়া চুরির মামলার আসামি মো. ইমন মাঝিকে কয়েক ঘণ্টার অভিযানে ফের গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে কারাগারের মহিলা ওয়ার্ড সংলগ্ন একটি বাথরুমের ছাদে উঠে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান ইমন। পরে কারা কর্তৃপক্ষ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তাকে ধরতে অভিযান শুরু হয়।
কেএমপিসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল অভিযান চালিয়ে খুলনা জেলার লবণচরা থানার সাচিবুনিয়া এলাকা থেকে ইমন মাঝিকে গ্রেপ্তার করে। পরে তাকে আবার খুলনা জেলা কারাগারে নেওয়া হয়।
কারা সূত্রে জানা গেছে, ইমন মাঝি লবণচরা এলাকার সাচিবুনিয়া সেকেলার বটতলা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি সোনাডাঙ্গা থানায় দায়ের করা একটি চুরির মামলার আসামি হিসেবে গত ১৩ জুন থেকে কারাগারে বন্দি ছিলেন।
খুলনা জেল সুপার আবু ছায়েম বলেন, পালিয়ে যাওয়ার ঘটনায় বন্দির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দায়িত্বে অবহেলার বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট কারারক্ষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/বাবি