ঠাকুরগাঁও প্রতিনিধি: বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে রংপুর বিভাগের আট জেলার মধ্যে ঠাকুরগাঁও জেলার জেলা প্রশাসক ইশরাত ফারজানা শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন। বিভাগীয় পর্যায়ের এই সম্মাননা অর্জনে জেলা জুড়ে বইছে আনন্দের ছোঁয়া।
বুধবার (২৫ জুন) বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম আশরাফ।
তিনি জানান, “বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বিভাগীয় পর্যায়ের মূল্যায়নে ঠাকুরগাঁও মেলা সর্বোচ্চ নম্বর পেয়ে সেরা নির্বাচিত হয়েছে। জেলা প্রশাসকের হাতে রংপুর বিভাগীয় কমিশনার আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক তুলে দেন।”
ইতোমধ্যে ইশরাত ফারজানা জেলার ইতিহাসে প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে উন্নয়ন, মানবিকতা ও প্রশাসনিক দক্ষতায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার নেতৃত্বে ঠাকুরগাঁওয়ে বদলে গেছে প্রশাসনের চিত্র। সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন তিনি।
সম্প্রতি ঠাকুরগাঁওয়ের নতুনপাড়া এলাকায় ‘সতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা’ নামে একটি কাগুজে প্রতিষ্ঠান বাস্তবে অনুপস্থিত থাকায় প্রশাসনিক তৎপরতা শুরু হয়। জেলা প্রশাসকের নির্দেশে দ্রুত তদন্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়। এতে সরকারের অর্থ অপচয় রোধ হয় এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর বার্তা পৌঁছায়।
জেলায় বাল্যবিবাহ প্রতিরোধে ধারাবাহিক অভিযান, মোবাইল কোর্ট পরিচালনা এবং জনসচেতনতা কর্মসূচি গ্রহণ করে সফলতার সঙ্গে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি। শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম চালানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে প্রশাসনকে সম্পৃক্ত করে ব্যাপক পরিবর্তন এনেছেন।
জেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তিনি নিয়মিত আইনশৃঙ্খলা সভা করছেন, গোয়েন্দা তথ্যের সমন্বয় ঘটাচ্ছেন এবং সামাজিক মাধ্যমে গুজব বা অপপ্রচার ঠেকাতে কড়া নজরদারিতে রেখেছেন। পাশাপাশি সড়ক উন্নয়ন, কৃষি খাতে সহায়তা ও দরিদ্রদের মাঝে সরকারি সুবিধা সঠিকভাবে বিতরণ নিশ্চিত করছেন মাঠপর্যায়ে থেকে।
ঠাকুরগাঁওয়ের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ অধ্যাপক মনোতোষ কুমার দে বলেন, “নারী প্রশাসক শুধু দায়িত্ব পালনেই নয়, মানবিকতা, সংস্কৃতি ও মূল্যবোধেও অনন্য দৃষ্টান্ত। তিনি এই জেলার জন্য এক পরিবর্তনের দূত।”
স্থানীয় ইউপি চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী বলেন, “তিনি দুর্নীতিমুক্ত, সময়নিষ্ঠ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিবেদিত। এমন প্রশাসক বাংলাদেশের প্রতিটি জেলায় প্রয়োজন।”
রিপোর্টার্স২৪/আরএইচ