ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের পাশের ফুটপাতে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। তাদের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে হবে।
রাজধানীর শাহবাগ থানার পুলিশ দুজনকে উদ্ধার করে রোববার (১২ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন জানান, তারা সকালে খবর পেয়ে আনন্দবাজার এলাকায় গিয়ে অমর একুশে হলের পাশের ফুটপাতে দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এসআই মামুন বলেন, ‘আশপাশের লোকজনের মুখে জানতে পারি, দুই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। ওই এলাকায় থাকতেন। আমাদের ধারণা, অসুস্থতার কারণে তাদের মৃত্যু হয়েছে। তারপরও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। দুজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা সিআইডিকে খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় তাদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা আছে।’
রিপোর্টার্স২৪/ধ্রুব