সাতক্ষীরা প্রতিনিধি: অতিবর্ষণ ও জলাবদ্ধতার কারণে সাতক্ষীরায় ৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে। একই সঙ্গে জেলার প্রায় ৬ হাজার হেক্টর জমির আউশ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পানিতে ভেসে গেছে ১২৭টি মাছের ঘের। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার (১২ জুলাই) সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এসব তথ্য জানানো হয়। সভায় জানানো হয়, জেলার বর্তমান পরিস্থিতি বিবেচনায় এখন পর্যন্ত বন্যার আশঙ্কা নেই। তবে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জলাবদ্ধতা নিরসন, ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কার এবং দুর্যোগকালীন করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
সভায় জেলার বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা হয়। এর মধ্যে ছিল অবৈধ ক্লিনিক বন্ধে ব্যবস্থা গ্রহণ, বাস টার্মিনাল স্থানান্তর, যানজট নিরসনে নির্ধারিত স্থানে বাস থামার ব্যবস্থা এবং মাদকবিরোধী অভিযান জোরদার করা।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, সিভিল সার্জন আব্দুস সালাম, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, জেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাসেমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়।
রিপোর্টার্স২৪/বাবি