কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় প্রাইভেট কারের ধাক্কায় দিলীপ বিশ্বাস (৫৫) নামে এক হোমিও চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় ব্যাটারিচালিত ভ্যানের দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
রোববার (১২ জুলাই) রাতে খোকসা শহরের পুরাতন পৌর ভূমি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমবাড়িয়া গ্রামের ইকবাল কাজী (৩৫) ও রমজান আলীর ছেলে সাইদুল ইসলাম (৩৩) একটি ব্যাটারিচালিত ভ্যানে করে খোকসা বাজার থেকে কমলাপুর যাচ্ছিলেন। পথে পৌর ভূমি অফিসের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেট কার ভ্যানটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
ধাক্কায় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পৌর ভূমি অফিসের গেটে দাঁড়িয়ে থাকা আরেকটি ভ্যানে গিয়ে আঘাত করে। এতে ভ্যানের যাত্রী দিলীপ বিশ্বাস, ইকবাল কাজী ও সাইদুল ইসলাম গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে দিলীপ বিশ্বাসের অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তিনি মারা যান।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/বাবি