| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাবিতে বন্ধ নিরাপত্তা চেকপোস্ট, বিপাকে পার্ট-টাইম কর্মীরা

reporter
  • আপডেট টাইম: Jul ১৩, ২০২৬ ইং | ২২:৫১:৫৮:অপরাহ্ন  |  ৬৮০ বার পঠিত
রাবিতে বন্ধ নিরাপত্তা চেকপোস্ট, বিপাকে পার্ট-টাইম কর্মীরা

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগের প্রশাসনের চালু করা ক্যাম্পাস নিরাপত্তা সহায়ক পার্ট-টাইম কার্যক্রম নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর স্থগিত রয়েছে। এতে আয়-রোজগারের সুযোগ হারিয়ে আর্থিক সংকটে পড়েছেন সংশ্লিষ্ট শিক্ষার্থীরা। একই সঙ্গে বহিরাগত নিয়ন্ত্রণে চালু থাকা চেকপোস্ট বন্ধ থাকায় ক্যাম্পাসের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে বিএনসিসি, রোভার স্কাউট ও কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যদের মাধ্যমে ৯টি প্রবেশপথে বিকেল থেকে রাত পর্যন্ত চেকপোস্ট পরিচালনা করা হতো। দায়িত্ব পালনের বিনিময়ে শিক্ষার্থীরা নির্ধারিত সম্মানী পেতেন।

তবে নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর কার্যক্রমটি বন্ধ হয়ে যায়। প্রশাসনের দাবি, দায়িত্ব পালনে কিছু শিক্ষার্থীর মধ্যে ঘাটতি এবং বাজেট সংকটের কারণে আপাতত এটি স্থগিত রাখা হয়েছে।

তবে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের দাবি, দায়িত্ব পালনে অবহেলার কোনো অভিযোগ তাদের জানানো হয়নি। সম্মানীসংক্রান্ত জটিলতার কারণেই কার্যক্রম বন্ধ রাখা হয়েছে বলে তারা জানান। তাদের মতে, চেকপোস্ট চালু থাকায় বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে ছিল এবং ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতিও ভালো ছিল।

রোভার স্কাউটের সদস্য সাদিয়া ইয়াসমিন বলেন, প্রতি দুই ঘণ্টা দায়িত্ব পালনের জন্য তারা ৮০ টাকা সম্মানী পেতেন। এটি তাদের ব্যক্তিগত খরচ চালাতে সহায়তা করত। পাশাপাশি চেকপোস্টের কারণে বহিরাগতদের চলাচলও নিয়ন্ত্রণে ছিল।

বিএনসিসির সদস্যরাও জানান, নিরাপত্তার দায়িত্ব পালনে অবহেলার কোনো অভিযোগ তাদের জানানো হয়নি। সম্মানী ও প্রশাসনিক সিদ্ধান্তের কারণে কার্যক্রম বন্ধ রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, ৯টি গেটের মধ্যে কয়েকটিতে নিয়মিত দায়িত্ব পালনে ঘাটতি দেখা গেছে। পাশাপাশি এ কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় বাজেটও এখনো পাওয়া যায়নি। তবে দায়িত্বশীলভাবে কাজ করলে পুনরায় কার্যক্রম চালুর বিষয়টি বিবেচনা করা হবে।

রাবি উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া এবং বাজেট বরাদ্দ না থাকায় চেকপোস্ট কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে। পরবর্তী সময়ে সিন্ডিকেট সভায় আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪