রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শীর্ষ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে ১০ লাখ টাকা অনুদান দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এবং তাঁর পরিবারের সদস্যরা। সোমবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে মন্ত্রীর সহধর্মিণী ও মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ সালমা শাহাদত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলামের কাছে ১০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন।
এ সময় তিনি এই অর্থ দিয়ে একটি ট্রাস্ট ফান্ড গঠন করে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের অনুরোধ জানান। চেক গ্রহণ শেষে উপাচার্য এ মহৎ উদ্যোগের জন্য ভূমিমন্ত্রীর পরিবারকে ধন্যবাদ জানান। পরে তিনি অধ্যক্ষ সালমা শাহাদতের হাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি স্মারক উপহার তুলে দেন।
এসময় অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ, সিন্ডিকেট সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম-২, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর অধ্যাপক মো. মাহবুবুর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান, ভারপ্রাপ্ত হিসাব পরিচালক অধ্যাপক মোহাম্মদ নির্ঝর রহমানসহ বিভিন্ন বিভাগের সভাপতি, হল প্রাধ্যক্ষ, ইনস্টিটিউট পরিচালক ও বিশিষ্ট শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে ভূমিমন্ত্রীর মরহুম পিতা ফজলার রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে রাবির জনসংযোগ প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান বলেন, এই অর্থ শুধু একটি নির্দিষ্ট খাতে ব্যয় করা হবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি অথবা অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে আমরা একটি নীতিমালা প্রণয়ন করব।
উল্লেখ্য, গত ৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু তার মরহুম পিতা ফজলার রহমানের স্মরণে একটি বৃত্তি চালুর জন্য ১০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব