চবি প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৫টায় হাটহাজারীর ১৫ নম্বর বুড়িশ্চর ইউনিয়নের জিয়াউল উলুম কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।
ত্রাণ বিতরণকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, দুর্যোগের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার নির্দেশনা রয়েছে। এই উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের কিছুটা উপকার হবে বলে আশা করছি। একই সঙ্গে তিনি সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্যদের মানবিক ও নৈতিক দায়িত্ব। সামর্থ্য সীমিত হলেও মানুষের প্রতি আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই।
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষ থেকে জরুরি প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি। আশা করি, এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কিছুটা হলেও উপকারে আসবে।
এসময় বক্তব্য দেন চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ ও সদস্য, হল প্রভোস্ট, প্রক্টর, বিভিন্ন বিভাগের সভাপতি, প্রশাসক, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের উদ্যোগে বিতরণ করা ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল শুকনো খাবার, জরুরি ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী।
রিপোর্টার্স২৪/ধ্রুব