| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘ফার্মের মুরগি’ মন্তব্যের প্রতিবাদে নড়াইলে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: Jul ১৫, ২০২৬ ইং | ২১:৩০:৩৫:অপরাহ্ন  |  ৯৯৫ বার পঠিত
‘ফার্মের মুরগি’ মন্তব্যের প্রতিবাদে নড়াইলে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

নড়াইল প্রতিনিধি: শিক্ষামন্ত্রীর কথিত ‘ফার্মের মুরগি’ মন্তব্যের প্রতিবাদ, প্রতিকূল পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা গ্রহণের বিরোধিতা এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে নড়াইলে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) দুপুর দেড়টার দিকে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এ সময় তারা শিক্ষামন্ত্রীর ক্ষমা চাওয়া এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখার দাবি জানান।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে বন্যা ও দুর্যোগের কারণে পরীক্ষার্থীরা চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। অনেককে বুকসমান পানি পেরিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে হচ্ছে। এমন পরিস্থিতিতে পরীক্ষা স্থগিতের যৌক্তিক দাবি জানানো হলেও তা আমলে নেওয়া হয়নি। বরং আন্দোলনরত শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করা হয়েছে, যা তাদের কাছে অপমানজনক ও অগ্রহণযোগ্য।

শিক্ষার্থীদের দাবি, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ত্রুটি ছিল এবং প্রশ্নের মান ছিল প্রচলিত বোর্ড পরীক্ষার কাঠামোর বাইরে। তাদের ভাষ্য, প্রশ্নপত্রে বুয়েট ও চুয়েটের ভর্তি পরীক্ষার ধাঁচ অনুসরণ করা হয়েছে, ফলে অনেক পরীক্ষার্থী প্রত্যাশিতভাবে পরীক্ষা দিতে পারেননি।

বিক্ষোভকারীরা আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের মানসিক চাপ ও দুর্ভোগ বিবেচনায় নিয়ে পরীক্ষা স্থগিত করা উচিত। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার এবং এ পরিস্থিতির দায় স্বীকার করে শিক্ষামন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান তারা।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, শিক্ষার্থীরা কিছু সময় সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে চলে যান। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনার ঘটনা ঘটেনি।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪