ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ থানার সামনে সংবাদ সংগ্রহকালে দীপ্ত টিভি ও দৈনিক যুগান্তর-এর কালীগঞ্জ প্রতিনিধি শাহরিয়ার আলম সোহাগ এবং নাগরিক টিভি-এর ঝিনাইদহ জেলা প্রতিনিধি মিশন আলী-এর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শরীয়তপুর সাংবাদিক ইউনিয়ন (এসইউজে)।
শনিবার (১৮ জুলাই ২০২৬) এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি ও দৈনিক হুংকার-এর নির্বাহী সম্পাদক এম. হারুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকাল-এর শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. আল-আমিন শাওন বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন গণমাধ্যম, সংবাদ সংগ্রহের অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর জঘন্য আঘাত। এ ধরনের ন্যক্কারজনক ঘটনার কোনো স্থান গণতান্ত্রিক সমাজে হতে পারে না।
নেতৃদ্বয় হামলার সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা এবং হামলার পেছনে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্ররোচনা কিংবা দায় থাকলে তাদের বিরুদ্ধেও যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
বিবৃতিতে আহত দুই সাংবাদিকের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করা হয়। একই সঙ্গে দেশের সকল সাংবাদিকের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
রিপোর্টার্স২৪/বাবি