| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফাইনালে মেসি–ইয়ামাল দ্বৈরথ! কে লিখবে নতুন ইতিহাস?

reporter
  • আপডেট টাইম: Jul ১৮, ২০২৬ ইং | ১২:০৯:৪০:অপরাহ্ন  |  ৫১১ বার পঠিত
ফাইনালে মেসি–ইয়ামাল দ্বৈরথ! কে লিখবে নতুন ইতিহাস?

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের ফাইনালে আগামীকাল নিউ জার্সিতে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ম্যাচটিকে ঘিরে সবচেয়ে বড় আকর্ষণ লিওনেল মেসি ও স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালের প্রথম প্রতিদ্বন্দ্বিতা।

ফাইনালের আগে নিউইয়র্কে এক ফ্যান ইভেন্টে ইয়ামালের ভূয়সী প্রশংসা করেছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। তিনি বলেন, সে যখন ছোট ছিল, তখন তার সঙ্গে একটি ছবি তুলেছিলাম। এখন বিশ্বকাপের ফাইনালে তার বিপক্ষে খেলতে নামব—এটা সত্যিই অবিশ্বাস্য। সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। আমি চাই সে আরও ভালো করুক, কারণ তার উন্নতি বার্সেলোনার জন্যও ভালো।

তবে প্রশংসার পাশাপাশি মাঠে ইয়ামালকে থামানোর পরিকল্পনার কথাও জানান মেসি। তাঁর ভাষায়, লামিন অসাধারণ প্রতিভাবান। মাত্র ১৯ বছর বয়সেই সে বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা। সামনে তার ইতিহাস গড়ার সুযোগ রয়েছে। কিন্তু ফাইনালে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, যেন এবার অন্তত সে সেটা করতে না পারে।

চাপের বিষয়ে মেসি বলেন, চাপ নিয়ে আমরা ভাবি না। মাঠে নেমে খেলাটা উপভোগ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা জিততে ভালোবাসি, কিন্তু প্রতিপক্ষও জয়ের জন্যই খেলতে নামে। সব সময় জেতা সম্ভব নয়।

নিজের ক্যারিয়ারের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ছোটবেলায় আমি শিখেছি, জয়ের চেয়ে হারই বেশি শেখায়। সেই শিক্ষাই আমাকে একজন মানুষ ও ফুটবলার হিসেবে গড়ে তুলেছে।

২০২২ সালের বিশ্বকাপ জয়ের পর এবার টানা দ্বিতীয় শিরোপার লক্ষ্য নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা। অন্যদিকে লামিন ইয়ামালের নেতৃত্বে নতুন প্রজন্মের স্পেন ২০১০ সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে।

দুই দলের সর্বশেষ পাঁচ আন্তর্জাতিক ম্যাচে স্পেনের প্রাধান্য স্পষ্ট। পাঁচ ম্যাচে স্পেন জিতেছে তিনটি, আর্জেন্টিনা একটি এবং একটি ম্যাচ ড্র হয়েছে।

২০১৮ (প্রীতি ম্যাচ): স্পেন ৬-১ আর্জেন্টিনা

২০১০ (প্রীতি ম্যাচ): আর্জেন্টিনা ৪-১ স্পেন

২০০৯ (প্রীতি ম্যাচ): স্পেন ২-১ আর্জেন্টিনা

২০০৬ (প্রীতি ম্যাচ): স্পেন ২-১ আর্জেন্টিনা

২০০৫ (প্রীতি ম্যাচ): স্পেন ১-১ আর্জেন্টিনা

দুই দলের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল ২০১৮ সালে মাদ্রিদে। সেবার চোটের কারণে খেলতে পারেননি মেসি। তাঁর অনুপস্থিতিতে স্পেন ৬-১ গোলের বড় জয় তুলে নেয়।

প্রীতি ম্যাচে স্পেন এগিয়ে থাকলেও বিশ্বকাপের ইতিহাসে দুই দলের দেখা হয়েছে মাত্র একবার। ১৯৬৬ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা ২-১ গোলে স্পেনকে হারিয়েছিল। প্রায় ছয় দশক পর এবার দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে দুই ফুটবল পরাশক্তি।

এই ফাইনালকে শুধু শিরোপার লড়াই হিসেবেই দেখা হচ্ছে না; এটি এক অর্থে দুই প্রজন্মেরও লড়াই। একদিকে বিশ্ব ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ ফাইনাল, অন্যদিকে নতুন যুগের প্রতীক লামিন ইয়ামালের বিশ্বমঞ্চে নিজের আধিপত্য প্রতিষ্ঠার সুযোগ।

অতীতের পরিসংখ্যানে স্পেন এগিয়ে থাকলেও বড় ম্যাচে আর্জেন্টিনার অভিজ্ঞতা ও মেসির নেতৃত্ব তাদের আত্মবিশ্বাসী করে তুলেছে। শেষ পর্যন্ত নিউ জার্সির ফাইনালে কার হাতে উঠবে বিশ্বকাপ, সেটিই এখন কোটি ফুটবলভক্তের অপেক্ষার বিষয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪