ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতির ৩৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি মোঃ খোরশেদ আলম , সিনিয়র সহ সভাপতি মোবারক হোসেন বাবুল, সহ সভাপতি আটজন, সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহজাহান, সহ সাধারণ সম্পাদক নূর হোসেন শামীম সহ চারজন, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর কবির জুলহাস এবং সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল কাদের রতন, দপ্তর সম্পাদক নাইমুর রহমান নাঈম সহ সম্মানিত সদস্য ১৫ জন নিয়ে নবগঠিত কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
গত শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর সারিন্দা রেস্টুরেন্টে আয়োজিত এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য ৩৭ সদস্য বিশিষ্ট এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার বিভিন্ন উপজেলার ইটভাটা মালিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, দেশের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন ও নির্মাণশিল্পে ইটভাটার অবদান অনস্বীকার্য। তবে আধুনিক ও টেকসই প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে পরিবেশবান্ধব উপায়ে ইটভাটা পরিচালনা নিশ্চিত করা এখন সময়ের দাবি। বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে ইটভাটা শিল্পের অভ্যন্তরীণ নানা সংকট নিরসন, মালিকদের ন্যায্য স্বার্থরক্ষা এবং স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় রেখে সংগঠনটি আরও গতিশীল হবে।
নবনির্বাচিত সভাপতি মোঃ খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহজাহান তাদের বক্তব্যে সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মালিকদের ঐক্য বজায় রেখে নিয়মতান্ত্রিকভাবে এ শিল্পকে এবং সংগঠনকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দের উদ্দেশ্যে ভার্চুয়াল বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা।
রিপোর্টার্স২৪/ধ্রুব