| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিষাক্ত মদপানে ঝরল ১৪ প্রাণ, হাসপাতালে দুই শতাধিক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৬ ইং | ২১:০৬:৫৭:অপরাহ্ন  |  ২২৭১ বার পঠিত
বিষাক্ত মদপানে ঝরল ১৪ প্রাণ, হাসপাতালে দুই শতাধিক

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে বিষাক্ত মদপানে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই শতাধিক মানুষ। তাঁদের মধ্যে অন্তত ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।

রাজ্যের চন্দেল জেলার চাকপিকারং এলাকায় এ ঘটনা ঘটে। অবৈধভাবে তৈরি বিষাক্ত মদ পান করার ৪৮ ঘণ্টার মধ্যে ভুক্তভোগীরা অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রাজ্যের রাজধানী ইম্ফল থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে। অসুস্থ ব্যক্তিদের মধ্যে প্রথমে ১৪০ জনকে লামফেলপাত এলাকার শিজা হাসপাতালে এবং ৪১ জনকে সাজিওয়ার বাবিনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দুই শতাধিক হয়।

ঘটনার পর চন্দেল জেলায় চিকিৎসাসেবা জোরদার করতে বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রয়োজনীয় ওষুধসহ একটি মেডিকেল দল পাঠানো হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং।

এদিকে বিষাক্ত মদপানে মৃত্যুর প্রকৃত কারণ এখনো বৈজ্ঞানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে জেলা প্রশাসন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

চন্দেল জেলার পুলিশ সুপার জানিয়েছেন, ভুক্তভোগীরা কাকচিং জেলার সুগনু এলাকা থেকে ওই মদ সংগ্রহ করেছিলেন। চন্দেল জেলায় এসব মদ তৈরি বা উৎপাদনের কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় জনসাধারণকে সতর্ক করে স্থানীয়ভাবে তৈরি মদ কিংবা সন্দেহজনক উৎসের মদ পান না করার পরামর্শ দিয়েছে প্রশাসন। মদ পানের পর বমি, পেটব্যথা, মাথাব্যথা, মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা কিংবা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এমনকি সন্দেহজনক উৎস থেকে মদ পান করেছেন, কিন্তু এখনো কোনো উপসর্গ দেখা দেয়নি—এমন ব্যক্তিদেরও চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে।

পাশাপাশি অবৈধ ও ভেজাল মদ তৈরি, মজুত, বিক্রি কিংবা সরবরাহের তথ্য নিকটস্থ থানায় জানানোর আহ্বান জানিয়েছে প্রশাসন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪