স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালের আগে নিউইয়র্কে আয়োজকদের জন্য বড় তিনটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কানাডার দাবানলের ধোঁয়াজনিত বায়ুদূষণ, স্টেডিয়ামে যাতায়াতের জটিলতা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা।
রোববার নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে (মেটলাইফ স্টেডিয়াম) বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল অনুষ্ঠিত হবে। ম্যাচটি বিশ্বজুড়ে প্রায় ১৬০ কোটি দর্শক দেখবেন বলে ধারণা করা হচ্ছে।
কানাডার দাবানলের ধোঁয়া গত কয়েক দিন ধরে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়ায় নিউইয়র্কে বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ থেকে ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছে যায়। এ পরিস্থিতিতে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ ‘কোড রেড’ সতর্কতা জারি করে বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেয়। ধোঁয়ার কারণে স্ট্যাচু অব লিবার্টি পর্যন্ত আড়াল হয়ে যায় এবং নিউ জার্সির নেওয়ার্ক বিমানবন্দর থেকে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়। তবে শুক্রবার থেকে পরিস্থিতির উন্নতি শুরু হয়েছে। শনিবারের বৃষ্টিতে বায়ুদূষণ আরও কমবে বলে আশা করছে ফিফা।
বায়ুদূষণের প্রভাব ইতোমধ্যে খেলাধুলায়ও পড়েছে। বুধবার ন্যাশনাল উইমেন্স সকার লিগের (এনডব্লিউএসএল) একটি ম্যাচ ধোঁয়াচ্ছন্ন পরিবেশে অনুষ্ঠিত হয়। খেলোয়াড়দের সুরক্ষায় প্রতিটি অর্ধে অতিরিক্ত দুটি বিরতি দেওয়া হয়।
স্টেডিয়ামে যাতায়াতও ফাইনালের বড় উদ্বেগ। সীমিত গণপরিবহন সুবিধার কারণে মেটলাইফ স্টেডিয়ামে পৌঁছানো দীর্ঘদিন ধরেই কঠিন। ফাইনালের দিন সাধারণ দর্শকদের জন্য পার্কিং সুবিধা থাকবে না। নিউ জার্সি ট্রানজিট ট্রেনের যাতায়াত ভাড়া ১৫০ ডলার থেকে কমিয়ে ৯৮ ডলার করা হলেও তা অনেকের কাছেই ব্যয়বহুল। বিকল্প হিসেবে ম্যানহাটন থেকে ২০ ডলারে শাটল বাস চালু করা হয়েছে।
এদিকে ফাইনাল দেখতে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ট্রাম্পের হেলিকপ্টার ‘মেরিন ওয়ান’ স্টেডিয়ামের ওপর দিয়ে উড়ে কাছের টেটারবোরো বিমানবন্দরে অবতরণ করবে।
গত বছর ক্লাব বিশ্বকাপের ট্রফি প্রদান অনুষ্ঠানে ট্রাম্পের উপস্থিতি নিয়ে বিতর্কের পর এবার আগেভাগেই প্রস্তুতি নিয়েছে ফিফা। সংস্থাটি জানিয়েছে, ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যৌথভাবে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন। এ লক্ষ্যে শুক্রবার ট্রাম্প টাওয়ারে ফিফা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।
সব মিলিয়ে ফুটবল উৎসবের আবহ থাকলেও আবহাওয়া, পরিবহন ও নিরাপত্তা—এই তিন বিষয়ই এখন বিশ্বকাপ ফাইনালের আগে আয়োজকদের সবচেয়ে বড় উদ্বেগ হিসেবে দেখা দিয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি