| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাংনীতে হামলার বিচার চেয়ে টিসি মোহরারের সংবাদ সম্মেলন

reporter
  • আপডেট টাইম: Jul ১৮, ২০২৬ ইং | ১৭:২৫:০৯:অপরাহ্ন  |  ৯৬২ বার পঠিত
গাংনীতে হামলার বিচার চেয়ে টিসি মোহরারের সংবাদ সম্মেলন

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের টিসি মোহরার আবুল কালাম আজাদ তাঁর ওপর হামলা ও টাকা ছিনতাইয়ের অভিযোগে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শনিবার (১৮ জুলাই) দুপুরে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত বুধবার এক ব্যক্তি একটি দলিল রেজিস্ট্রি করতে অফিসে আসেন। দলিলে বিক্রেতার প্রাপ্য জমি সাড়ে সাত শতক উল্লেখ থাকলেও ১১ শতক জমি রেজিস্ট্রির দাবি করা হয়। কাগজপত্র যাচাইয়ে অসঙ্গতি ধরা পড়ায় সংশোধনের পরামর্শ দিলে ওই ব্যক্তি ক্ষুব্ধ হয়ে অফিসে হট্টগোল ও কর্মচারীদের হুমকি দেন। পরে পুলিশের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হলে রেজিস্ট্রি কার্যক্রম পুনরায় শুরু হয়।

তিনি অভিযোগ করেন, ওই দিন রাত ৮টার দিকে অভিযুক্ত ব্যক্তির নির্দেশনায় ১০-১২ জনের একটি দল অফিসে ঢুকে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। তাঁকে মারধর, পকেট কেটে নগদ ২ থেকে ৩ হাজার টাকা ছিনিয়ে নেওয়া, দেশীয় অস্ত্র দিয়ে চোখে আঘাতের চেষ্টা এবং ইট নিক্ষেপ করা হয়। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা তাঁকে একটি রাজনৈতিক কার্যালয়ে নিয়ে গিয়ে লাইভ ভিডিওর মাধ্যমে ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করে বলেও অভিযোগ করেন তিনি।

গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ১৭ জুলাই রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আবুল কালাম আজাদ সিসিটিভি ফুটেজ, ফরেনসিক প্রতিবেদন ও সংশ্লিষ্টদের কথোপকথন পর্যালোচনার মাধ্যমে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান। পাশাপাশি প্রকৃত তথ্য প্রকাশে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪