| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকায় বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল দেখার যত আয়োজন

reporter
  • আপডেট টাইম: Jul ১৯, ২০২৬ ইং | ০৯:৪৮:১৭:পূর্বাহ্ন  |  ৪৫৮৮ বার পঠিত
ঢাকায় বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল দেখার যত আয়োজন

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপের ফাইনাল ঘিরে রাজধানী ঢাকাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন উন্মুক্ত স্থান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, পার্ক, ক্লাব, হোটেল ও কনভেনশন সেন্টারে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি ভেন্যুতে প্রবেশ ও খেলা উপভোগ সম্পূর্ণ বিনামূল্যে।

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে। অন্যদিকে স্পেনও দুর্দান্ত পারফরম্যান্সে জায়গা করে নিয়েছে শিরোপা নির্ধারণী ম্যাচে। মেসি ও ইয়ামালের লড়াই ঘিরে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস।

বিশ্বকাপের সবচেয়ে বড় উন্মুক্ত আয়োজনগুলোর একটি থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে। পুরো টুর্নামেন্টের মতো ফাইনাল ম্যাচও এখানে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে। কোকা-কোলা বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ ভেন্যুতে হাজারো দর্শকের একসঙ্গে খেলা দেখার সুযোগ থাকবে।

কবি জসীমউদ্দীন হল ও হাজী মুহম্মদ মহসীন হল প্রাঙ্গণেও আয়োজন করা হয়েছে বিশেষ ‘ওয়াচ পার্টি’। ম্যাচের পাশাপাশি দর্শকদের জন্য থাকছে বিভিন্ন গেমস, ফ্যান অ্যাক্টিভিটি, পুরস্কার এবং জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের উপস্থিতি। বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও তারকা ফুটবলার শেখ মোরসালিন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ও হলপাড়া এলাকাতেও বড় পর্দায় বিনামূল্যে ফাইনাল ম্যাচ দেখার ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থী ও সাধারণ দর্শকদের জন্য এসব আয়োজন উন্মুক্ত থাকবে।

রাজধানীর মিরপুর সিটি ক্লাব মাঠ এবং মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল ফিল্ডেও বিশাল পর্দায় ফাইনাল সম্প্রচার করা হবে। এসব স্থানেও কোনো প্রবেশমূল্য ছাড়াই দর্শকরা খেলা উপভোগ করতে পারবেন।

খোলা আকাশের নিচে বিশ্বকাপ ফাইনাল উপভোগের আরেকটি আকর্ষণীয় ভেন্যু বনানীর কামাল আতাতুর্ক পার্ক। এখানে বড় পর্দায় ম্যাচ দেখানোর পাশাপাশি থাকছে সংগীতানুষ্ঠান। জনপ্রিয় শিল্পী সঞ্জয় সরাসরি পরিবেশন করবেন তাঁর আলোচিত গান ‘Siir Siir’, যা ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল অ্যালবামে স্থান পেয়েছে। এছাড়া বিভিন্ন ফ্যান এনগেজমেন্ট কার্যক্রমও আয়োজন করা হয়েছে।

অন্যদিকে যারা আরামদায়ক পরিবেশে খেলা দেখতে চান, তাদের জন্য রাজধানীর বিভিন্ন পাঁচতারকা হোটেল ও কনভেনশন সেন্টারেও বিশেষ আয়োজন রয়েছে। প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা, হোটেল আমারি, লে মেরিডিয়ান, ক্রাউন প্লাজা, লেকশোর গ্র্যান্ড, গুলশানের দ্য আলট্রাস ফেস্টিভ্যাল, এলিট কনভেনশন হল, আর্টিসান ওয়াচ পার্টি এবং আইসিসিএল কনভেনশন হল-এ বড় পর্দায় ফাইনাল দেখার সুযোগ থাকবে। তবে এসব বাণিজ্যিক আয়োজনে অংশ নিতে নির্ধারিত টিকিট সংগ্রহ করতে হবে।

সব মিলিয়ে বিশ্বকাপের মহারণ উপলক্ষে রাজধানীর বিভিন্ন প্রান্তে বড় পর্দার আয়োজন ফুটবলপ্রেমীদের জন্য পরিণত হয়েছে এক উৎসবমুখর মিলনমেলায়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪