মোল্লাহাট প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক)-এর নাম, পরিচয়পত্র, প্যাড ও অন্যান্য সাংগঠনিক উপকরণ অপব্যবহার করে বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে মানবাধিকার কর্মী শাহ আলমকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বাসকের অর্থ ও প্রশাসন বিভাগের পরিচালকের স্বাক্ষরিত এক অব্যাহতি পত্রে এ তথ্য জানানো হয়।
অব্যাহতি পত্রে বলা হয়, শাহ আলম বাসকের নাম, পরিচয়পত্র, প্যাড, সাইনবোর্ড ও নেমপ্লেট ব্যবহার করে পর্যাপ্ত তথ্য-প্রমাণ ছাড়াই মোল্লাহাট উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন। এতে সংগঠনের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে উল্লেখ করা হয়।
এ কারণে বাসকের কেন্দ্রীয় বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী শাহ আলমকে সংগঠনের সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক)-এর নাম, পরিচয়পত্র, প্যাড বা অন্য কোনো সাংগঠনিক পরিচয় ব্যবহার করে কোনো কার্যক্রম পরিচালনা না করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া তার মাধ্যমে পরিচালিত কোনো কার্যক্রমের দায়ভার সংগঠন বহন করবে না বলেও অব্যাহতি পত্রে উল্লেখ করা হয়।
এ বিষয়ে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক)-এর কেন্দ্রীয় কমিটির পরিচালক, স্থায়ী কমিটির সদস্য এবং মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম বলেন, "বাসক একটি নিবন্ধিত মানবাধিকার সংগঠন। সংগঠনের নাম, পরিচয়পত্র, প্যাড বা অন্যান্য উপকরণ ব্যক্তিগত উদ্দেশ্যে কিংবা যথাযথ তথ্য-প্রমাণ ছাড়া ব্যবহার করার কোনো সুযোগ নেই। সাংগঠনিক শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শাহ আলমকে অব্যাহতি দেওয়া হয়েছে। ভবিষ্যতে কেউ সংগঠনের নাম বা পরিচয় অপব্যবহার করলে গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
এ ঘটনাকে কেন্দ্র করে মোল্লাহাটে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, কোনো সংগঠনের নাম বা পরিচয় ব্যবহার করে অভিযোগ দায়েরের ক্ষেত্রে যথাযথ তথ্য-প্রমাণ ও সাংগঠনিক অনুমোদন থাকা জরুরি। অন্যথায় তা সংশ্লিষ্ট সংগঠনের সুনাম, বিশ্বাসযোগ্যতা ও কার্যক্রমের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
রিপোর্টার্স২৪/ধ্রুব