| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্পেনের ট্রফি জয়ের ছবিতে ট্রাম্পের ‘জোরপূর্বক’ উপস্থিতি!

reporter
  • আপডেট টাইম: Jul ২০, ২০২৬ ইং | ০৫:৩৫:৫৮:পূর্বাহ্ন  |  ৭২৮৪ বার পঠিত
স্পেনের ট্রফি জয়ের ছবিতে ট্রাম্পের ‘জোরপূর্বক’ উপস্থিতি!

স্পোর্টস ডেস্ক: স্পেনের বিশ্বকাপ জয়ের আনন্দ উদযাপনের ঐতিহাসিক মুহূর্তটিতে এক অদ্ভুত ও অস্বস্তিকর দৃশ্যের অবতারণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেওয়ার পর সাধারণত অতিথিরা মঞ্চ থেকে সরে দাঁড়ালেও, ডোনাল্ড ট্রাম্প তা করেননি।

স্প্যানিশ অধিনায়ক রদ্রি যখন সতীর্থদের নিয়ে ট্রফি উঁচিয়ে ধরার জন্য মঞ্চের কেন্দ্রে যান, ট্রাম্প তখন চ্যাম্পিয়নদের ঠিক মাঝখানেই দাঁড়িয়ে থাকেন। ফলে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এবং সর্বাধিক প্রচারিত ছবি; বিশ্বকাপ জয়ের প্রথম উদযাপনের ফ্রেমে স্প্যানিশ ফুটবলারদের সাথে মার্কিন প্রেসিডেন্টেরও জায়গা হয়ে যায়।

মঞ্চে ট্রাম্পের এই উপস্থিতি অবশ্য আকস্মিক কোনো ঘটনা ছিল না। গত ২৩ জুন ফিফা সভাপতি জান্নি ইনফান্তিনো ঘোষণা করেছিলেন যে, ২০১৮ ও ২০২২ সালের প্রথা ভেঙে এবার তারা দুজনে মিলে যৌথভাবে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেবেন। তবে প্রটোকল অনুযায়ী ট্রফি হস্তান্তরের পর মঞ্চ ত্যাগ করার কথা থাকলেও, মার্কিন প্রেসিডেন্ট সেখানেই ঠায় দাঁড়িয়ে হাসিমুখে ক্যামেরার উদ্দেশে পোজ দিতে থাকেন।

টেলিভিশন ও ক্যামেরার ফুটেজে দেখা যায়, ট্রফি উঁচিয়ে ধরার ঠিক আগ মুহূর্তে স্প্যানিশ খেলোয়াড়রা একে অপরের দিকে তাকাচ্ছিলেন এবং কিছুটা ইতস্তত করছিলেন। ট্রাম্পকে সরাসরি কেউ মঞ্চ ছেড়ে যেতে না বললেও, পরিবেশের বৈপরীত্য ছিল স্পষ্ট। একদিকে ফুটবলাররা যখন ঐতিহাসিক ছবিটির জন্য একে অপরকে জড়িয়ে ধরছিলেন, তখন তাদের মাঝখানে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই পরিস্থিতিকে ‘অস্বস্তিকর’ বলে অভিহিত করেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও তীব্র সমালোচনা শুরু হয়েছে। সমালোচকদের দাবি, ফিফার নিয়ম অনুযায়ী ট্রাম্পের পুরস্কার বিতরণীতে অংশ নেওয়া ঠিক থাকলেও, খেলোয়াড়দের একান্ত উদযাপনের জায়গায় এভাবে থেকে যাওয়া প্রথা ও ঐতিহ্যের পরিপন্থী।

প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য খুব ভালো করেই জানতেন যে তার এই অবস্থানের প্রভাব কী হতে পারে, কারণ ঠিক এক বছর আগে একই মাঠে প্রায় একই কাণ্ড ঘটিয়েছিলেন তিনি। ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি চ্যাম্পিয়ন হওয়ার পর অধিনায়ক রিস জেমসের হাতে ট্রফি তুলে দিয়ে ট্রাম্প ঠিক একইভাবে খেলোয়াড়দের সাথে মঞ্চে দাঁড়িয়ে উদযাপনে অংশ নেন। পরবর্তীতে রিস জেমস জানিয়েছিলেন যে, প্রেসিডেন্ট মঞ্চ ছেড়ে চলে যাবেন বলেই তাদের জানানো হয়েছিল। চেলসির আরেক তারকা কোল্ড পামারও স্বীকার করেছিলেন যে, ট্রাম্পকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে খেলোয়াড়রা বিভ্রান্ত হয়ে পড়েছিলেন।

এক বছর পর একই ঘটনার পুনরাবৃত্তি প্রমাণ করে যে, এটি প্রটোকল না জানার কারণে ঘটেনি। ফাইনাল ম্যাচের শুরুতে মাঠে প্রবেশের সময় গ্যালারির দুয়ো ধ্বনি শোনা এবং পুরো ম্যাচজুড়ে স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে তাকে প্রায় না দেখানোর যে ঘটনা ঘটেছিল; পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে ট্রাম্প যেন এক ঝটকায় তার পুরো শোধ তুললেন। স্পেন তাদের ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ জিতল, আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক সেকেন্ডের জন্য হলেও বিশ্বজয়ের সেই অমর ফ্রেমে নিজের জায়গা পাকাপোক্ত করে নিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪