| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণে ৬.৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য সরকারের: ড. তিতুমীর

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২১, ২০২৬ ইং | ১৬:২৬:১৮:অপরাহ্ন  |  ২৪০ বার পঠিত
ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণে ৬.৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য সরকারের: ড. তিতুমীর

রাজবাড়ী প্রতিনিধি: উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগে স্থবিরতা ও বেকারত্বের চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের অর্থনীতিকে পুনরুদ্ধারে সরকার কাজ করছে। পরিকল্পিত সংস্কার কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে ৬ দশমিক ৫ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে রাজবাড়ী পৌরসভার পৌর মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ড. তিতুমীর বলেন, সরকার উত্তরাধিকার সূত্রে একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। উচ্চ মূল্যস্ফীতির কারণে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ সবচেয়ে বেশি চাপে রয়েছেন। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় অনেক পরিবার সঞ্চয় ভাঙতে বাধ্য হয়েছে, আবার অনেকে দৈনন্দিন ব্যয় মেটাতে ঋণ নিয়েছেন।

তিনি বলেন, বিভিন্ন হিসাব অনুযায়ী, উচ্চ মূল্যস্ফীতির প্রভাবে প্রায় ৮০ লাখ থেকে এক কোটি মানুষ নতুন করে দারিদ্র্যের শিকার হয়েছেন। অন্যদিকে, দুর্বল বিনিয়োগ পরিস্থিতি ও বেসরকারি খাতে বিনিয়োগের স্থবিরতা কর্মসংস্থানের সংকটকে আরও তীব্র করেছে। বিশেষ করে যুব ও শিক্ষিত বেকারত্ব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যের সংকটজনিত জ্বালানির মূল্যবৃদ্ধি অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি করেছে।

আন্তর্জাতিক সংস্থাগুলোর অর্থনৈতিক পূর্বাভাস প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি নিয়ে বিভিন্ন সংস্থা পূর্বাভাস দিয়েছে। তবে সরকারের পরিকল্পিত সংস্কার কার্যক্রমের সম্ভাব্য প্রভাবও এসব পূর্বাভাসের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া প্রয়োজন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থনীতি নিয়ে ভুল তথ্য ও অপতথ্য ছড়ানোর বিষয়েও সতর্ক করেন তিনি।

সরকারের সংস্কার পরিকল্পনা তুলে ধরে ড. তিতুমীর বলেন, নির্বাচনী ইশতেহারে অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোতে সংস্কারের সুস্পষ্ট অঙ্গীকার রয়েছে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, করের হার না বাড়িয়ে রাজস্ব আহরণ বৃদ্ধি এবং দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার সুরক্ষায় কার্যকর সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন সরকারের অন্যতম অগ্রাধিকার।

তিনি আরও বলেন, বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকসহ বিভিন্ন বহুপাক্ষিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সরকারের অর্থনৈতিক পরিকল্পনা ও সংস্কার উদ্যোগের প্রতি আস্থা প্রকাশ করেছেন। বাংলাদেশের নিজস্ব অগ্রাধিকার অনুযায়ী সংস্কার বাস্তবায়নে এসব সংস্থা সহযোগিতা করতে আগ্রহী বলেও জানান তিনি।

আইএমএফের পূর্বাভাস উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, সংস্থাটির আর্টিকেল ফোর মিশনে বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ দশমিক ৭৭ শতাংশ হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। তবে সরকারের পরিকল্পিত সংস্কার কর্মসূচি কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে প্রবৃদ্ধির হার আরও বাড়ানো সম্ভব বলে মনে করছে সরকার।

ড. তিতুমীর বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার ও পঞ্চবার্ষিক অর্থনৈতিক কৌশলে সংস্কার কার্যক্রমের রূপরেখা তুলে ধরা হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বিদ্যমান অর্থনৈতিক চাপ মোকাবিলা, বিনিয়োগের পরিবেশ উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির পথ সুগম হবে।

তিনি আশা প্রকাশ করেন, অগ্রাধিকারভিত্তিক সংস্কার কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈতিক সংকট কাটিয়ে বাংলাদেশ ৬ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, জেলা তথ্য কর্মকর্তা রেখা ইসলামসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪