লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ইকোনো পরিবহনের একটি বাস থেকে রামগতি উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন হেলালকে (৫৩) নামিয়ে মারধর ও অপহরণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেনকে (৩২) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় জড়িত আরও ১০ থেকে ১২ জন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২০ অক্টোবর) রাত ১২টা ৫ মিনিটের দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার ঝুমুর মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, ইকোনো পরিবহনের একটি বাস থেকে মেজবাহ উদ্দিন হেলালকে নামিয়ে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে মারধর করা হয়। পরে তাকে উত্তর তেমুহনী এলাকার লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের মাঠে নিয়ে যাওয়া হয়।
জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন ব্যক্তি ঝুমুর মোড় থেকে ‘ভিপি হেলাল’ নামে এক ব্যক্তিকে বাস থেকে নামিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় উত্তর তেমুহনী লিল্লাহ মসজিদসংলগ্ন লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের মাঠে অভিযান চালায় ডিবির একটি টহল দল। এ সময় সেখান থেকে হেলালকে উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে জামাল হোসেনকে আটক করা হয়।
পুলিশের ভাষ্য, হেলালকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে মারধর করা হয় এবং তাকে গণপিটুনি দেওয়ার চেষ্টা করা হয়েছিল।
আটক জামাল হোসেন লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর এলাকার আবু সাঈদের ছেলে। তিনি লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। অন্যদিকে, মেজবাহ উদ্দিন হেলাল রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের পূর্ব চর কলাকোপা এলাকার বাসিন্দা এবং উপজেলা যুবলীগের আহ্বায়ক।
এ ঘটনায় আটক জামাল হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
রিপোর্টার্স২৪/রাফিদ