ইন্টারন্যাশনাল ডেস্ক: ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা মোকাবিলা এবং সৌদি আরবের নিরাপত্তা জোরদারে রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) টাইফুন যুদ্ধবিমান মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার (২০ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।খবর টিআরটি ওয়ার্ল্ডের।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, সৌদি আরবের শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে আকাশপথে হামলা থেকে সুরক্ষা দিতে প্রতিরক্ষামূলক অভিযান চালাবে এসব যুদ্ধবিমান।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ সহায়তার অংশ হিসেবে একটি অ্যাটলাস এ৪০০এম পরিবহন বিমান এবং সামরিক উপদেষ্টাও পাঠাবে যুক্তরাজ্য।
এর আগে গত সেপ্টেম্বরে হুতিদের নতুন করে হামলার পর সৌদি আরবকে অতিরিক্ত সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছিল ব্রিটেন। ওই সহায়তার মধ্যে ছিল আরএএফের একটি ভয়েজার আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান। তবে সে সময় যুদ্ধবিমান পাঠানোর বিষয়ে কিছু জানানো হয়নি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুতি বিদ্রোহীদের হামলা বেড়েছে। এর মধ্যে সোমবার ইয়েমেনের সরকারি নিরাপত্তা বাহিনীর একটি প্রশিক্ষণ শিবিরে হামলার ঘটনা ঘটে। ইয়েমেনের কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে, ওই হামলায় ৬০ জন নিহত হয়েছেন।
গত তিন মাসে দেশটিতে সংঘাত তীব্র হওয়ার পর এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে জানিয়েছে ইয়েমেনি কর্তৃপক্ষ।
হুতিদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তা বাড়ানোর ব্রিটেনের এ সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান নিরাপত্তা উত্তেজনার মধ্যে এল। তবে যুদ্ধবিমান মোতায়েনের নির্দিষ্ট সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
রিপোর্টার্স২৪/ধ্রুব