স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর জ্বালানি আমদানিতে প্রায় ২ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে আমদানি ব্যয় ও বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ সৃষ্টি হয়েছে।
সোমবার (২০ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) আয়োজিত ‘উন্নয়নের কণ্ঠস্বর’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিগত সরকার সমুদ্রসীমা অর্জন করলেও সামুদ্রিক জ্বালানি সম্পদ অনুসন্ধান ও উত্তোলনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। অথচ প্রতিবেশী দেশগুলো এ খাতে অনেক এগিয়ে গেছে।
তিনি জানান, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকার ১০ হাজার মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা বাস্তবায়ন করছে। ব্যক্তি ও বাণিজ্যিক পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে চলতি বাজেটে কর-সুবিধাও রাখা হয়েছে।
জ্বালানিমন্ত্রী আরও বলেন, সমাজকল্যাণমুখী রাষ্ট্র গঠনে নবায়নযোগ্য জ্বালানি খাতে উন্নয়ন সহযোগীদের আরও বিনিয়োগ ও সহযোগিতা প্রয়োজন।
রিপোর্টার্স২৪/বাবি