| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিট প্রশ্নফাঁসে জড়িতদের কঠোর শাস্তির বার্তা মোদির

reporter
  • আপডেট টাইম: Jul ২১, ২০২৬ ইং | ১৪:৩৯:৪৬:অপরাহ্ন  |  ২৯১৪ বার পঠিত
নিট প্রশ্নফাঁসে জড়িতদের কঠোর শাস্তির বার্তা মোদির

আন্তর্জাতিক ডেস্ক: নিট (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, প্রশ্নপত্র ফাঁস রোধ করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি পুরো জাতির সম্মিলিত দায়িত্ব।

মঙ্গলবার (২১ জুলাই) এনডিএ সংসদীয় দলের ‘মঙ্গল মিলন’ বৈঠক শেষে কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু প্রধানমন্ত্রীর বক্তব্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

রিজিজু জানান, প্রধানমন্ত্রী একটি স্বচ্ছ, নির্ভুল ও নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেছেন। পাশাপাশি সংসদে আইন প্রণয়ন কার্যক্রমে এনডিএ জোটের শরিকদের ঐক্যবদ্ধ থাকার এবং বিরোধী দলগুলোকেও গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

মোদি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের ভবিষ্যৎ ও তরুণ প্রজন্মের স্বার্থে সব সংসদ সদস্যের যৌথভাবে দায়িত্ব পালন করা উচিত।

প্রধানমন্ত্রীর এ বক্তব্য এমন সময় এলো, যখন দিল্লিতে সংসদ অভিমুখে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। সোমবার হাজারো জেন-জি আন্দোলনকারীকে টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর নেতৃত্বে চলমান আন্দোলনে শিক্ষার্থীরা নিট প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছেন।

ভারতের সবচেয়ে প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষাগুলোর একটি নিটে প্রতি বছর ২০ লাখের বেশি শিক্ষার্থী অংশ নেয়। গত মে মাসে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর পরীক্ষা বাতিল করা হয় এবং পরে পুনরায় পরীক্ষা নেওয়া হয়।

এ ছাড়া কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ডের (সিবিএসই) প্রায় ২০ লাখ শিক্ষার্থীর পরীক্ষার অনলাইন মূল্যায়ন পদ্ধতি নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে। অনেক শিক্ষার্থী ভুল নম্বর দেওয়া এবং অন্যের নামে ফল প্রকাশের অভিযোগ তুলেছেন।

কিরেন রিজিজু বলেন, প্রশ্নপত্র ফাঁসের তথ্য প্রকাশের পর সরকার দ্রুত তদন্ত শুরু করে। ইতোমধ্যে জড়িতদের গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে দীর্ঘসূত্রতা এড়াতে দ্রুত পুনরায় পরীক্ষা আয়োজনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিকে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ২১ দিনের অনশন শুরু করা সমাজকর্মী সোনম ওয়াংচুককে গত শনিবার জোরপূর্বক হাসপাতালে নেওয়া হয়। পরে সোমবার তিনি হাসপাতাল থেকেই পুনরায় অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তার অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে অপ্রয়োজনীয় কঠোর আচরণ করা হচ্ছে।

তবে সংসদের চলতি বর্ষাকালীন অধিবেশন শুরুর আগে দেওয়া জনসম্মুখের বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আন্দোলনরত শিক্ষার্থীদের চলমান বিক্ষোভ বা পুলিশের অভিযানের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪