সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
সোমবার (২০ জুলাই) রাতে ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে একটি কক্ষে গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীকে দেখা যায়। তবে ভিডিওটির সত্যতা, ধারণের সময় বা এটি কীভাবে প্রকাশ্যে এসেছে—এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিওটি প্রকাশের পর প্রথমদিকে সাতক্ষীরা জেলা জামায়াতের মিডিয়া সেল পরিচালিত ‘ক্রাইম বার্তা’র পক্ষ থেকে দাবি করা হয়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি ভুয়া ভিডিও।
তবে পরে এ বিষয়ে ভিন্ন বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান মাওলানা আজিজুর রহমান। তিনি জানান, গাজী নজরুল ইসলাম তাদের বলেছেন, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রীর সম্মতিক্রমেই এ বিয়ে হয়েছে।
তিনি বলেন, ভিডিওটি আমাদের নজরে এসেছে। এমপি সাহেব জানিয়েছেন, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সম্মতিতেই বিয়েটি হয়েছে। তবে ভিডিওটি কীভাবে প্রকাশ্যে এলো, সেটি আমরা খতিয়ে দেখছি।
দ্বিতীয় বিয়ের সময় সম্পর্কে জানতে চাইলে আজিজুর রহমান বলেন, সুনির্দিষ্ট তারিখ তার জানা নেই। তবে বিয়েটি বেশ কিছুদিন আগেই সম্পন্ন হয়েছে বলে তাকে জানানো হয়েছে।
এ বিষয়ে গাজী নজরুল ইসলামের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এর সত্যতা, প্রেক্ষাপট এবং ফাঁস হওয়ার কারণ নিয়ে নানা আলোচনা চলছে। তবে ভিডিওটি কীভাবে প্রকাশ্যে এসেছে বা এ ঘটনায় কোনো অভিযোগ বা তদন্ত শুরু হয়েছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
রিপোর্টার্স২৪/বাবি